৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৫
৩১ দিনে ৮০০ কিলোমিটার হেঁটে অতিক্রম করেছেন চীনের এক ব্যক্তি। দীর্ঘ এ পথ তিনি হাঁটিয়ে নিয়েছেন নিজের ১০ বছরের মেয়ে এবং ৮ বছরের ছেলেকেও।
চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনের বাসিন্দা ওই ব্যক্তির নাম উ। নিজের দুই সন্তানকে নিয়ে গত ১৭ জুলাই তিনি হেঁটে রওনা দেন হুনান প্রদেশের উদ্দেশ্যে। মূলত, সন্তানদের দৃঢ়তা ও সহনশীলতার শিক্ষা দিতেই ব্যতিক্রমী এই কাজ করেছেন চীনা এই বাবা।
সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।
প্রতিবেদন অনুযায়ী, প্রথমে উ নিজেও ভাবেননি যে এত অল্প বয়সী দুই শিশু এত দীর্ঘ পথ সফলভাবে অতিক্রম করতে পারবে। কিন্তু, যাত্রা শেষে তিনি সন্তানদের নিয়ে ভীষণ গর্ব প্রকাশ করেছেন।
স্থানীয় সংবাদমাধ্যমকে উ বলেন, আমি ভাবিনি, ওরা শেষ পর্যন্ত যেতে পারবে। এখন আমার স্বস্তি হচ্ছে যে তারা পেরেছে, একইসঙ্গে আমি তাদের জন্য গর্বিত।
সাধারণত নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকেন উ। সন্তানদের সঙ্গে সময় কাটানোর সুযোগ খুব একটা হয় না তার। তবে, দুই বছর আগে তিনি এমন একটি পরিকল্পনা করেছিলেন। সেবারও সন্তানদের নিয়ে হুনানে হাঁটার চিন্তা করেছিলেন তিনি। কিন্তু, বয়স কম থাকায় তখন বাচ্চাদের নিয়ে এতটা পথ পাড়ি দেওয়া সম্ভব হয়নি।
উ বলেন, এই হাইকিংয়ের মাধ্যমে আমি তাদের মানসিক দৃঢ়তা বাড়াতে চেয়েছিলাম। আগে ওরা সহজেই হাল ছেড়ে দিত, চ্যালেঞ্জের মুখে পিছিয়ে যেত। আমি চেয়েছিলাম, তারা যেন যা শুরু করবে, তা দৃঢ়ভাবে শেষ করতে শেখে।
এই যাত্রায় উ নিজে বহন করেছেন ১০ কেজি ওজনের একটি ব্যাকপ্যাক। আর ছেলে-মেয়ের কাঁধে ছিল পাঁচ কেজি ওজনের ব্যাগ। প্রতিদিন অন্তত ২৩ কিলোমিটার হাঁটতে হতো তাদের। যাত্রাপথে বাচ্চারা ক্লান্ত হয়ে পড়লে উ নানা কথায় সাহস জুগিয়েছেন তাদের। তিনি বলেন, যখন আমি খেয়াল করতাম তারা ক্লান্ত হয়ে পড়েছে, আমি তাদের বলতাম—ওরা তাদের বাবার চেয়েও শক্তিশালী।
যাত্রা শেষে উ’র পায়ে ফোসকা পড়লেও সন্তানদের পা অক্ষত ছিল। শুধু হাঁটার শিক্ষা নয়, এই সফরে উ সন্তানদের আয়-ব্যয়ের হিসাব রাখার শিক্ষাও দিয়েছেন। উ জানান, প্রতিদিনের খরচের জন্য ছেলে-মেয়েকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতেন তিনি। এতে করে তারা বুঝতে শিখেছে কিভাবে সীমিত অর্থে খরচের হিসাব মেলাতে হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D