কাকরাইলে জাপা ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ, ভিপি নূরসহ আহত অনেক

প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৫

কাকরাইলে জাপা ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ, ভিপি নূরসহ আহত অনেক

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, ’সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গণ অধিকার পরিষদের একটি মিছিল কাকরাইলে জাপা কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় জাপার নেতা-কর্মীরা কার্যালয় থেকে বেরিয়ে আসেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। প্রায় আধঘণ্টা ধরে এ পরিস্থিতি চলার পর সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

ঘটনার সময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যানবাহন চলাচল শুরু হয়।

পুলিশ জানায়, সংঘর্ষে উভয় দলের কয়েকজন আহত হয়েছেন। গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূরুল হক নূর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

জাপা নেতাদের অভিযোগ, গণ অধিকার পরিষদের কর্মীরা মিছিল নিয়ে এসে তাঁদের ওপর হামলা চালান।

অন্যদিকে গণ অধিকার পরিষদের দাবি, তাঁদের শান্তিপূর্ণ মিছিলে প্রথমে জাপার নেতা–কর্মীরাই ইটপাটকেল নিক্ষেপ করেন।