৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৫
সিলেটে জেলা প্রশাসকের কঠোর হুশিয়ারি ও পূর্ব ঘোষিত ৩ দিনের আল্টিমেটামের পর পাথর ফেরত দিতে শুরু করেছেন পাথর লুটকারীরা। রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘন্টায় ১৫৫ ট্রাক পাথর ফেরত দিয়েছেন ব্যবসায়ীরা।
সাদাপাথর লুটকাণ্ডের ঘটনায় সিলেটে নতুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এর দেয়া আল্টিমেটামের পর অনেক ব্যবসায়ী নিজ উদ্যোগে লুট হওয়া পাথর ফিরিয়ে দিতে শুরু করেছেন।
রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাটে মোট ১৫৫ ট্রাক পাথর জমা দেওয়া হয়েছে। একই সময়ে সদর উপজেলার ধোপাগুল এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ করেছে।
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খুশনূর রুবাইয়াত জানান, শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত অন্তত ১০০ ট্রাক পাথর ফেরত এসেছে। ধোপাগুল এলাকার কয়েকজন ব্যবসায়ীও তাদের সংগ্রহকৃত পাথর প্রশাসনের হাতে জমা দিয়েছেন।
অন্যদিকে কোম্পানীগঞ্জে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া। তিনি জানান, রোববার সন্ধ্যা পর্যন্ত কোম্পানীগঞ্জ থেকে ৭০ ট্রাক ও সিলেট সদর উপজেলার ৮৩ ট্রাক পাথর ভোলাগঞ্জ ঘাটে পৌঁছেছে। উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।
এরআগে শনিবার (২৩ আগস্ট) এক অনুষ্ঠানে লুটকৃত পাথর স্বেচ্ছায় ফেরত দিতে সোমবার (২৫ আগস্ট) পর্যন্ত ৩ দিনের সময় বেঁধে দেন সিলেটের নবাগত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
সিলেটে জেলা প্রশাসকের কঠোর হুশিয়ারি ও পূর্ব ঘোষিত ৩ দিনের আল্টিমেটামের পর টনক নড়ে পাথর লুটকারীদের। তার কঠোর হুশিয়ারির পর শনিবার রাত থেকে সাদাপাথরের লুণ্ঠিত পাথর স্বেচ্ছায় ফেরত দিতে শুরু করেছেন পাথর লুটকারীরা। পাথরের মালিকরা নিজেদের খরচে ট্রাক ও ট্রলি দিয়ে পাথর নিয়ে যাচ্ছেন ভোলাগঞ্জে। গত ২৪ ঘণ্টায় ১৫৫ ট্রাক পাথর স্বেচ্ছায় ফেরত এসেছে।
সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বলেন, ‘শনিবার (২৩ আগস্ট) বিকাল থেকে রবিবার (২৪ আগস্ট) বিকাল ৬টা পর্যন্ত ১৫৫ ট্রাক পাথর স্বেচ্ছায় দিয়ে আসছেন পাথর লুটকারীরা। আশা করি আল্টিমেটামের সময়ের আগেই পাথরগুলো উদ্ধার করা সম্ভব হবে।’
জেলা প্রশাসক আরও বলেন, ‘পাথর লুটে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। যারাই প্রকৃতির ক্ষতি করেছে, তাদের বিচার হবে। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনায় কোনো ছাড় নেই। জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D