সাদাপাথরে লুটকারী কাউকে ছাড় দেওয়া হবে না : জনপ্রশাসন সচিব

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৫

সাদাপাথরে লুটকারী কাউকে ছাড় দেওয়া হবে না : জনপ্রশাসন সচিব

সিলেটের ভোলাগঞ্জে সাদাপাথর লুটের ঘটনায় প্রশাসনের যত বড় কর্মকর্তা কিংবা রাজনৈতিক দলের নেতাই জড়িত থাকুক না কেন, কাউকেই আইনের বাইরে রাখা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেছুর রহমান। তিনি জানান, সাদাপাথর পর্যটন কেন্দ্রকে ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। যাতে ভবিষ্যতে আর কোনোদিন কেউ পাথর উত্তোলনের সাহস না পায়, সেজন্য প্রশাসনকে সর্বোচ্চ সজাগ থাকতে হবে।

শুক্রবার (২২ আগস্ট) সকালে সাদা পাথর এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেটের নতুন জেলা প্রশাসক সারওয়ার আলম ও পুলিশ সুপারসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, লুট হওয়া পাথর ফিরিয়ে আনার কাজ চলছে, প্রতিস্থাপনও করা হচ্ছে। হয়তো আগের মতো পুরো প্রাকৃতিক সৌন্দর্য ফিরবে না, তবে আগের অবস্থায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, সাদাপাথরসহ সব পর্যটনকেন্দ্রের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন সাদাপাথর শুধু লুট নয়, হয়েছে হরিলুট। এ ঘটনায় যারাই জড়িত, সে যত বড় দলের কিংবা প্রশাসনেরই হোক না কেন—কাউকেই আইনের বাইরে রাখা হবে না।

তিনি বলেন, বিজিবি ক্যাম্পের পাশেই সাদাপাথরে ভয়াবহ লুটপাট হয়েছে। এ ধরনের ঘটনায় বিজিবি কোনোভাবেই দায় এড়াতে পারে না। তিনি আরও বলেন, `এখানে শুধু লুট হয়নি, হয়েছে হরিলুট। এ ঘটনায় কেউ দায় এড়িয়ে যেতে পারবে না। আইন সবার জন্য সমান, অপরাধীর পরিচয় দেখার সময় এখন নয়।’

সকালে সাদাপাথর এলাকায় পৌঁছে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে পুরো এলাকা ঘুরে দেখেন। এ সময় লুটপাটের চিহ্ন চোখে পড়লে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, সাদাপাথরের মতো একটি আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রে এমন ভয়াবহ লুটপাট দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। পর্যটকদের জন্য নিরাপদ ও আকর্ষণীয় পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও জানান, সাদাপাথরসহ অন্যান্য পর্যটনকেন্দ্রকে ঘিরে বিশেষ প্যাকেজ কর্মসূচি নেওয়া হবে।

এর আগে সাদাপাথর লুটের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিবকে আহ্বায়ক করে গঠিত এই কমিটি সরেজমিন তদন্ত করে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ পেয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট