৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৫
পরিবেশকে প্রাধান্য দিয়ে কাজ করার প্রত্যয় জানিয়েছেন সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক হিসেবে দায়িত্বগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় তিনি বলেন, সিলেট হলো প্রকৃতি কন্যা। এখানে পরিবেশকে ঠিক রেখে সকল উন্নয়ন কাজ হবে। পাশাপাশি সিলেটের আইনশৃঙ্খলা, শিক্ষা ও স্বাস্থ্য নিয়েও গুরুত্বসহকারে কাজ করার কথা বলেন তিনি। এ সময় সিলেটের সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা চেয়েছেন তিনি।
এর আগে বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে দায়িত্বগ্রহণ করেন দেশব্যাপী ভেজাল ও দুর্নীতির বিরুদ্ধে আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। এসময় তাকে ফুল দিয়ে বরণ করে নেয় জেলা প্রশাসনের কর্মকর্তারা।
বরণকালে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা বিষয়ক কর্মশালায় সভাপতিত্ব করেন।
২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারোয়ার আলম ২০০৮ সালে সরকারি চাকরিতে যোগ দেন। পরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে ভেজালবিরোধী অভিযানে দেশব্যাপী আলোচনায় আসেন। সাধারণ মানুষের আস্থা ও প্রশংসা কুড়িয়ে তিনি পরিচ্ছন্ন প্রশাসনের প্রতীক হিসেবে পরিচিত। সর্বশেষ তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্বে ছিলেন।
সিলেটে যোগদানের সময় তাকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। সম্প্রতি সিলেটে পাথর লুট ও অবৈধ খননের ঘটনা উত্তাল সৃষ্টি করেছে। বিভিন্ন সময়ে অভিযান চালানো হলেও বড় অপরাধীদের বিচার কার্যকর হয়নি। এছাড়া সিলেটের পর্যটন খাতের নানা অব্যবস্থা, দখল এবং পরিবেশ ধ্বংসের অভিযোগও দীর্ঘদিনের সমস্যা। জাফলং এবং সাদা পাথর এলাকার অব্যবস্থা নিয়ন্ত্রণ করাও নতুন ডিসির দায়িত্বের অংশ।
দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির প্রভাব সিলেটে পড়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সবজির দামে অস্থিরতা তৈরি হয়েছে। সাধারণ মানুষ ভোগান্তিতে পড়লেও কার্যকর মনিটরিং এবং টেকসই সমাধান এখনো অধরা। এসব সংকট মোকাবিলা করতেই সারোয়ার আলম তার প্রশাসনিক জীবনের নতুন অধ্যায় শুরু করছেন।
উপসচিব পদে পদোন্নতি পাওয়ার পর তিনি সামাজিক মাধ্যমে লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ্। সকল প্রশংসা মহান আল্লাহর যিনি সর্বোত্তম ফয়সালাকারী। তিনবার বঞ্চিত হওয়ার পর আজ উপসচিব পদে পদোন্নতি পেলাম।’
সিলেটবাসী আশা করছে, সারোয়ার আলম ভেজালবিরোধী অভিযানের মতো দৃঢ় পদক্ষেপ নেবেন, পাথর লুট রোধ করবেন, পর্যটন খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনবেন এবং বাজার ব্যবস্থাপনা স্বচ্ছ করবেন। আগামীকাল আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে নতুন ডিসি হিসেবে তার প্রশাসনিক যাত্রা শুরু হবে।
সাদা পাথর লুটের ঘটনায় গত সোমবার (১৮ আগস্ট) সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে সরিয়ে নেওয়া হয়। তাঁর স্থলে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় সারোয়ার আলমকে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D