জৈন্তাপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৫

জৈন্তাপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সিলেটে ট্রাকচাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহি আইএলটিএস পরীক্ষার্থী তাহমিদুর সোহাগ (২০)। এ দুর্ঘটনায় বাইকে থাকা তার বন্ধু সাফি আহমদ (২০) গুরুতর আহত হন।

বুধবার (২০ আগস্ট) ভোরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এরআগে মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের উমনপুর টার্নিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি এলাকার আফতাব উদ্দিনের ছেলে। তিন ভাই–বোনের মধ্যে তিনি দ্বিতীয়। বড় ভাই যুক্তরাজ্যে থাকেন এবং ছোট বোন সিলেটে পড়াশোনা করছেন। ২০২৪ সালে এইচএসসি পাস করা সোহাগ আগামী ৩০ আগস্ট আইএলটিএস পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

প্রতিবেশি ও চাচা মো. নুরুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোহাগ এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে উমনপুর টার্নিং এলাকায় যাচ্ছিলেন। এ সময় সিলেটগামী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সোহাগকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে বুধবার ভোরে তিনি মারা যান।

তার সঙ্গে থাকা বন্ধু সাফির হাত ভেঙে গেছে। বর্তমানে তিনি নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান সোহাগের মৃত্যুর এ তথ্যটি নিশ্চিত করেছেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট