১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, মে ৩০, ২০২৫
হবিগঞ্জের মাধবপুরে কনে দেখতে আসা বরপক্ষের কাছে কনে সম্পর্কে মিথ্যা তথ্য ও বদনাম রটানোর জের ধরে এক টমটম চালককে পিটিয়ে মারাত্বকভাবে আহত করার ৭ দিন পর তার মৃত্যু হয়েছে।
পুলিশ শুক্রবার (৩০ মে) সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠিয়েছে। নিহত টমটম চালকের নাম হুমায়ুন মিয়া (৩০)।
স্থানীয় সুত্রে জানা গেছে, গত শনিবার (২৪ মে) দুপুরে বাঘাসুরা গ্রামে জাহাঙ্গীর মিয়ার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে তাদের বাড়িতে কিছু লোকজন আসে। মেয়ে দেখে বিকেলে লোকজন ফেরার পথে টমটম চালক হুমায়ুন মিয়া জাহাঙ্গীরের মেয়ে সম্পর্কে বাজে মন্তব্য করে মিথ্যা অপবাদ দেয়। এ বিষয়টি ছেলে পক্ষের লোকজন আবার মেয়ের পিতা জাহাঙ্গীরকে বলে দেয়। এতে ক্ষীপ্ত হয়ে জাহাঙ্গীর মেয়ের অপবাদের কথা শুনে রেগে গিয়ে রাতে হুমায়ুনকে মারাত্মকভাবে মারধর করে। টমটম চালক আর্থিক অভাবের জন্য চিকিৎসা করতে পারেনি তাই ২৯ মে বৃহস্পতিবার রাতে বিনা চিকিৎসায় সে মৃত্যুবরণ করে।
নিহত হুমায়ুনের মা আকমল বেগম জানান, সামান্য ঘটনার মিথ্যা অপবাদ দিয়ে জাহাঙ্গীর ও তার লোকজন হুমায়ুনকে মারধর করার কারনে তার ছেলে আহত হয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মারা গেছে। এ ঘটনায় তিনি মামলা করবেন বলে জানান।
বাঘাসুরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মহসিন মিয়া বলেন, জাহাঙ্গীরের মেয়ে সম্পর্কে মিথ্যা অপবাদ দেওয়ায় জাহাঙ্গীর হুমায়ুনকে কলার ধরে টানাহেঁচড়া করেছে। এ ব্যাপারে হুমায়ুন তার নিকট সালিশ বিচার চেয়েছিলেন। তবে ঘটনার ৬ দিন পর কিভাবে মারা গেল বিষয়টি রহস্যজনক।
মাধবপুর থানার এস আই সায়েদুর রহমান জানান, নিহতের লাশ উদ্বার করে হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। নিহত হুমায়ুনের শরীরে কোনো আঘাতের দাগ পাওয়া যায়নি। তবে লাশের ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এখনো এ ঘটনায় কোনো মামলা হয়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D