হবিগঞ্জে চলতি বাস থেকে ফেলে দেওয়া হলো অচেতন দুই যাত্রীকে

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, মে ২৪, ২০২৫

হবিগঞ্জে চলতি বাস থেকে ফেলে দেওয়া হলো অচেতন দুই যাত্রীকে

হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে চলতি বাস থেকে অচেতন অবস্থায় দুই যাত্রীকে ফেলে দেওয়া হয়েছে।

শনিবার (২৪ মে) দুপুরে জেলার বাহুবল উপজেলার মিরপুর বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুজনের মধ্যে একজন গম ব্যবসায়ী। তার নাম শেখ আরিফুর রহমান মিঠু (৪৮)। তিনি খুলনার খালিশপুর উপজেলার বৈকালী গ্রামের টুকু শেখের ছেলে। তাৎক্ষণিক অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

খবর পেয়ে আরিফুর রহমানের ছেলে শেখ রায়হান খুলনা থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। তিনি বলেন, বাবা লাখ খানেক টাকা সঙ্গে নিয়ে ব্যবসার কাজে হবিগঞ্জে গিয়েছিলেন। তার সঙ্গে দুটি মোবাইল ফোন ছিল। একটিতে আমার নম্বর পেয়ে স্থানীয়রা খবর দিয়েছেন।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ইয়ামিন মিয়া বলেন, বিকেল পর্যন্ত দুই ব্যক্তির জ্ঞান ফিরেনি। ধারণা করছি খাদ্যের সঙ্গে চেতনানাশক মিশিয়ে তাদের খাওয়ানো হয়েছে।



বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, ঢাকা থেকে সিলেটগামী মিতালী বাস মিরপুর বাজারে ওই দুই ব্যক্তিকে ফুটপাতে ফেলে দেয়। পরে বাজারের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আরিফুর রহমান অচেতন অবস্থায় উদ্ধার হয়েছেন জেনে তার ছেলে শেখ রায়হান খুলনা থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছেন ওসি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট