গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, মে ৫, ২০২৫

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে বিক্ষোভ

সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন বন্ধ ও মজুদকৃত বালু জব্দের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ‘নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন’ সংগঠন।

সোমবার (৫ মে) বিকেলে গোয়াইনঘাট শহীদ মিনারের পাশে এ মানববন্ধন ও সমাবেশ সম্পন্ন হয়।

‘নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন’ গোয়াইনঘাট শাখার আহ্বায়ক আজমল হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম সদস্য সচিব ইকবাল হোসেন ইমনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মামুনূর রশিদ, সংগঠক সুবান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে গোয়াইনঘাটের বিভিন্ন নদী ও এলাকা থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। একটি প্রভাবশালী চক্র প্রশাসনের নীরব সহযোগিতায় এ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

এছাড়া শেখ হাসিনা সরকারের পতনের পর সিন্ডিকেট গড়ে তুলে বালু উত্তোলন এবং মজুদ করে ব্যবসায়িক ফায়দা লুটছে একটি মহল। এসময় রাজনৈতিকভাবে প্রভাবশালী নেতারাও এই লুটপাটে জড়িত বলে অভিযোগ করেন তারা।

সমাবেশে ২৪ ঘণ্টার মধ্যে অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ ও কার্যক্রম বন্ধ করা না হলে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান বক্তারা।

বিক্ষোভে গোয়াইনঘাট এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট