জৈন্তাপুর সীমান্তে বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৫

জৈন্তাপুর সীমান্তে বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে এক বারকি নৌকার পাথর শ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শ্রমিকের নাম এখলাস উদ্দিন (২৭)। সে উপজেলার নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়াগাত্তি গ্রামের বিলাল উদ্দিনের পুত্র। এখলাস উদ্দিন এক পুত্র সন্তানের জনক।

স্হানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ৪ নং বাংলা বাজার এলাকায় বালুঘাট হতে বারকি নৌকা যোগে সীমান্তবর্তী শ্রীপুর পাথর কোয়ারী এলাকায় পাথর সংগ্রহের উদ্দেশ্যে যায় এখলাস সহ বেশ কয়েকটি বারকি নৌকার শ্রমিক। দুপুর দেড়টার দিকে সীমান্তবর্তী পিলার ১২৮০/১এস এর নিকট ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে সেখানে টহলরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধাওয়া করলে অন্যান্য পাথর শ্রমিকরা নৌকা নিয়ে পালিয়ে আসলেও এখলাস উদ্দিনকে আটক করে নিয়ে যায় বিএসএফ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল নাজমুল হক।

তিনি বলেন, শুক্রবার (২৫ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে বিএসএফ’র নিকট বিষয়টি জানতে চাইলে তারা আটক ব্যক্তিকে ডাউকি পুলিশের নিকট হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে সে ডাউকি পুলিশের হেফাজতে রয়েছে।

তিনি বলেন, অনেক অনুরোধ জানানোর পরও কতিপয় শ্রমিক অবৈধভাবে পাথর উত্তোলন করে যাচ্ছে। এমনকি তারা ভারতের সীমানায় ঢুকে পাথর উত্তোলন করছে। যার কারণে এই ধরণের অনাকাঙ্খিত ঘটনা ঘটছে। এ বিষয়ে সীমান্ত এলাকার সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট