সিলেটে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৫

সিলেটে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনায় সিলেটে আজ ৩১ মার্চ সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। মুসলমানদের পবিত্র এ ধর্মীয় উৎসব উপলক্ষ্যে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপে বাংলা ও আরবিতে ঈদ মোবারক খচিত ব্যানারে এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন ভবন আলোকসজ্জায় সজ্জিত করা হয়। নির্বিঘ্নে, নিরাপদে ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এজন্য বিভিন্ন বিষয়ে সমন্বয় রক্ষার লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহী ঈদগাহে। শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশ নেন সিলেট সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং অন্যান্য ধর্মপ্রাণ মুসল্লিগণ। এছাড়াও দরগাহ-এ হজরত শাহজালাল (র.) মাজার মসজিদ, কুদরত উল্লাহ জামে মসজিদ, সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানসহ বিভিন্ন মাঠ, ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে মুসল্লিরা পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এবারের ঈদে লম্বা ছুটি থাকায় অন্য বারের চেয়ে মানুষের মধ্যে ঈদের উচ্ছ্বাস বেশি ছড়িয়ে গেছে। বিকেল থেকেই নগরী আশপাশের পার্ক ও বিনোদন কেন্দ্র এবং পর্যটন স্পটে ভ্রমণ পিপাসু এবং দর্শনার্থীদের ভিড় জমতে থাকে। ঈদের পরদিন থেকে পর্যটন স্পটে প্রচুর পর্যটক আসবে বলে ধারনা করছে জেলা প্রশাসন।

সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, ঈদের ছুটিতে পর্যটকদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সড়ক দুর্ঘটনা এড়াতে দুর্ঘটনা প্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সাইন বোর্ড লাগানো হয়েছে, পর্যটন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পর্যটন পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আবাসিক হোটেল ও রেস্টুরেন্টে যেন অতিরিক্ত টাকা আদায় করা না হয়- সেজন্য নিদের্শনা প্রদান করা হয়েছে।

এদিকে সুষ্ঠুভাবে ঈদের জামাত ও ঈদের যাবতীয় আনুষ্ঠানিকতাসহ ঈদ উৎসব নির্বিঘ্নে পালনে আইন-শৃঙ্খলা বাহিনী স্ব স্ব এলাকায় তাদের তৎপরতা অব্যাহত রাখে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদন, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে বিশেষ খাবার পরিবেশন করা হয়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট