বিমানবন্দরে বিজিবির সাবেক মহাপরিচালক আটক

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৪

বিমানবন্দরে বিজিবির সাবেক মহাপরিচালক আটক

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলামকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে স্ত্রীসহ কানাডার উদ্দেশ্যে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ ও পিলখানায় নৃশংস হত্যাযজ্ঞে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এর ৪৮ ঘণ্টার মাথায় বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান মইনুল ইসলাম।

তিনি মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার পর বাহিনীটির ইউনিফর্ম পরিবর্তন হয় এবং সীমান্ত বাহিনীতে যোগ করা হয় একটি গোয়েন্দা ইউনিট। পরে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করা হয় তাকে এবং সেনাবাহিনী সদর দপ্তরে জেনারেল স্টাফ করা হয়।

২০১৫ সালের জুলাইয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হন মইনুল ইসলাম। পরের বছর ফেব্রুয়ারিতে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। বিজিবির মহাপরিচালক পদে যোগদানের আগে জাতীয় প্রতিরক্ষা কলেজ বাংলাদেশের আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের (এএফডব্লিউসি) প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।