কোম্পানীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৪

কোম্পানীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক আহত হয়েছেন। তাঁর নাম মো. নিজাম উদ্দিন।

তিনি উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের বিজয়পাড়ুয়া গ্রামের মো. আলাউদ্দিনের পুত্র।

সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যে ৭টার দিকে উৎমা বিজিবি ক্যাম্পের পাশে আদর্শগ্রামের সীমান্তবর্তী ১২৫৬ নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটে।

আহত নিজামকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান বলেন, চিনি আনতে ভারত গিয়েছিল। এরপর গুলিবিদ্ধ অবস্থায় নিজামকে পাওয়া গেছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একটি সূত্র জানায়, উত্তর রনিখাই ইউনিয়নে সক্রিয় বেশ কিছু চোরাকারবারি। তারা বিজিবিকে ম্যানেজ করে প্রতিদিন চিনির চালান নিয়ে আসছে। সোমবারও কয়েকজন চোরাকারবারি ভারত থেকে চোরাইপথে চিনি আনতে যায়। তাদের সাথে নিজামও ছিল। সারাদিন তারা ১২ শ’ বস্তা চিনি বাংলাদেশে নিয়ে আসে। সন্ধ্যে ৭টার দিকে বিএসএফ গুলি চালালে নিজাম আহত হয়।

ওই সূত্র আরও জানায়, ১২শ’ বস্তা চিনির মালিক মাঝেরগাঁও গ্রামের তোফায়েল, বাবুল ও কামাল। তারা পারিশ্রমিকের বিনিময়ে অনেক যুবককে ভারতে পাঠায়। বিজিবিকে ম্যানেজ করে এসব চিনির বস্তা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে নিয়ে আসে তারা।

জানতে চাইলে বিজিবির উৎমা বিওপি কমান্ডার মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, সীমান্ত পাড়ি দিয়ে চিনি আনতে গিয়েছিল নিজামসহ কয়েকজন যুবক। ফেরার পথে বিএসএফের গুলিতে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট