২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, মে ১৬, ২০২৪
সিলেটে হঠাৎ মাথা ঘুরে রাস্তায় পড়ে এক শেয়ার ব্যবসায়ী মারা গেছেন। বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে নগরীর জিন্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া মো.শফিকুল ইসলাম (৩৫) মৌলভীবাজারের জুড়ী উপজেলার নয়াগ্রাম এলাকার আবু আহমেদের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের ধারণা- শফিকুল ইসলাম হিট স্ট্রোকে মারা গেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জিন্দাবাজারস্থ শপিং মল সিটি সেন্টারের সামনে দুপুর ১২টার দিকে শফিকুল ইসলাম মাথা ঘুরে পড়ে যান। পরে তাকে সিটি সেন্টারের নিরাপত্তাকর্মী ও কয়েকজন ব্যবসায়ী শপিং মলের ভেতরে নিয়ে যান এবং পানি পান করান। পরে স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে সিলেট শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এব্যাপারে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কল্লোল গোস্বামী বলেন, আমরা খবর পেয়ে সিটি সেন্টারে গিয়ে ওই যুবককে পাইনি। পরে অনেক খোঁজাখুজি করেও তথ্য পাইনি। তিনি মারা গিয়েছেন কি না তা সঠিক বলতে পারবো না।আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান।
তিনি বলেন- ওই যুবককে আমাদের এখানে মৃত অবস্থায়ই নিয়ে এসেছেন পরিবারের লোকেরা। আমরা পরীক্ষা করে মৃত পেয়েছি। তবে মৃত্যুর কারণ আমরা বলতে পারবো না। পরিবারের সদস্যরা আমাদের শুধু বলেছেন- মাথা ঘুরে পড়ে গেছেন। এর উপর ধারণা করে পরীক্ষা না করে আসলে আমরা কিছু বলতে পারি না।
এদিকে, মো.শফিকুল ইসলামের ভাই মো. জহিরুল ইসলাম বলেন, শফিকুল ইসলাম শেয়ার ব্যবসা করতেন। তিনি সিলেট শহরে ভাড়া বাসায় বসবাস করতেন। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে যান। হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বলেন, হাটা অবস্থায় কেউ পড়ে মারা গেলে তাকে হিটস্ট্রোক বলা যাবে না। ওই লোক মাথা ঘুরিয়ে পড়ে মারা গেছেন।
উল্লেখ্য, সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানিয়েছেন- বৃহস্পতিবার বিকাল ৩ টায় সিলেটে রেকর্ডকৃত তাপমাত্রা ছিলো ৩৭ ডিগ্রি সেলসিয়াস। যা এই বছরের মধ্যে সর্বোচ্চ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D