শান্তিগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর খাদ্য বিতরণ

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৪

শান্তিগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর খাদ্য বিতরণ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের উদ্যোগে পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শান্তিগঞ্জে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (৭ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস মাঠে ১৮৫টি অসহায় পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন সিলেট সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল ফারুক আহমেদ এএফডব্লিউসি, পিএসসি। এর পাশাপাশি সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে দুঃস্থ ও অসুস্থ রোগীদের জন্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, সিলেট সেনানিবাসের মেজর মো সাইফুল্লাহ আল মামুন এবং মেজর মাজহার ইসলাম, পিএসসি।

সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল ফারুক আহমেদ বলেন, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এর দিকনির্দেশনায় এবং জেনারেল অফিসার কমান্ডিং, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী, ওএসপি (বার), এসজিপি, এনডিসি, পিএসসি, এমফিল এর সার্বিক ব্যবস্থাপনায় সিলেট বিভাগের ৪ জেলার অসহায় মানুষের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়।

তিনি বলেন, সেনাসদস্যদের নিজেদের জন্য বরাদ্দকৃত রেশন হতে সমন্বয় করে সংগৃহীত এ খাদ্যসামগ্রীতে ছিল চাল, আটা, ডাল, তৈল, চিনি, লবন, চিনিগুড়া চাল, সেমাই, চা পাতা ও গুড়া দুধ।