জকিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে যুবক খুন

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৪

জকিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে যুবক খুন

সিলেটের জকিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে ধানচাল ব্যবসায়ী রুবেল আহমদ জুবেল (৩৮) নামের এক যুবক খুন হয়েছেন।

নিহত রুবেল আহমদ জকিগঞ্জ পৌর এলাকার গন্ধদত্ত গ্রামের হারই মিয়ার ছেলে।

গত শনিবার (১৭ মার্চ) রাত সাড়ে আটটার দিকে পূর্ব বিরোধের জেরে তাকে জকিগঞ্জ সদর ইউনিয়নের কান্দিগ্রামের ফুরু মিয়ার ছেলে সাজু আহমদ (২৩) কুপিয়ে আহত করে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে তিনি মারা যান।

জানা গেছে, জকিগঞ্জ পৌরশহরে পুরনো লঞ্চঘাট রোডে রুহুল আমিন শায়েকের ধানচালের দোকানে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন রুবেল আহমদ জুবেল। পূর্ব বিরোধের জেরে শনিবার রাত সাড়ে ৮ টার দিকে কান্দিগ্রামের ফুরু মিয়ার ছেলে সাজু আহমদ কাঠমিস্ত্রীর কাজের বাটাইল দিয়ে জুবেলকে উপর্যুপরি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত রুবেল আহমদ জুবেলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় জুবেলের ভাই আব্দুল করিম জকিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহেদ হোসেন।