সিলেটে ১৪০ বস্তা ভারতীয় চিনিসহ ৩ চোরাকারবারী আটক

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৪

সিলেটে ১৪০ বস্তা ভারতীয় চিনিসহ ৩ চোরাকারবারী আটক

সিলেট নগরীর জালালাবাদ থানাধীন টুকেরবাজার থেকে ১৪০ বস্তা ভারতীয় চিনিসহ ৩ চোরাকারবারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে এসআই (নিরস্ত্র) লিটন চন্দ্র নাথ এবং রাত্রীকালীন সিয়েরা-২২ পার্টির অফিসার এএসআই (নি.) জিয়াউর রহমানসহ জালালাবাদ থানা পুলিশের একটি একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলো- ছাতক থানাধীন কাশিপুর গ্রামের বাসিন্দা বর্তমানে সিলেট নগরের সুবিদবাজারে বসবাসরত মৃত শফিক উল্লাহ’র ছেলে সাইদুল হক (৩০), জালালাবাদ থানাধীন মইয়ারচর গ্রামের মৃত মোক্তার আলীর ছেলে মো. সোহেল রানা (৩৩) ও নগরীর বনকলাপাড়ার মৃত আছদ্দর আলীর ছেলে জাকির হোসেন (২২)। এসময় বাবুল নামের একজন ও অজ্ঞাত ট্রাক চালক পালিয়ে যায়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া কর্মকর্তা) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জালালাবাদ থানাধীন তেমুখী বাইপাস পয়েন্টস্থ রাস্তার মোড়ে মহাসড়কের উপর পুলিশের চেকপোস্ট দেখে দুটি মোটর সাইকেল সহযোগে ১টি হাইড্রোলিক ট্রাক গতিপথ পাল্টানোর চেষ্টাকালে পুলিশ তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, ট্রাকের ভিতর ভারতীয় চিনি রয়েছে। পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ১৪০ বস্তা চিনি জব্দ করা হয়। জব্দকৃত চিনির মূল্য আনুমানিক ৭ লক্ষ টাকা।

এ ঘটনায় এসআই (নি.) লিটন চন্দ্র নাথ বাদী হয়ে তাদের বিরুদ্ধে জালালাবাদ থানায় মামলা (মামলা নং-০৯, তাং-২৫/০২/২০২৪খ্রিঃ) দায়ের করেছেন।

আটক আসামীদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া কর্মকর্তা) মোহাম্মদ সাইফুল ইসলাম।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট