পাকিস্তানের জাতীয় নির্বাচন আজ

প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৪

পাকিস্তানের জাতীয় নির্বাচন আজ

সকল অনিশ্চয়তা পাশ কাটিয়ে আজ বৃহস্পতিবার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তানে। এর আগে মঙ্গলবার মধ্যরাতে দেশটিতে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। নির্বাচন সামনে রেখে দেশটির কয়েকটি অঞ্চলে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কার মধ্যেই এই নির্বাচন হতে চলেছে।

বুধবার (৭ ফেব্রুয়ারী) পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন ও জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবারের জাতীয় নির্বাচনকে সামনে রেখে অপেক্ষাকৃত দুর্বল নির্বাচনী প্রচারণা মঙ্গলবার মধ্যরাতে শেষ হয়েছে। ৮ ফেব্রুয়ারি নির্বাচনের জন্য সমস্ত রাজনৈতিক দল এবং প্রার্থীদের প্রচারণা থেকে বিরত থাকতেও নির্দেশনা জারি করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন।

এক বিবৃতিতে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী এবং তাদের দলগুলোকে নির্বাচন আইনের ১৮২ ধারা মেনে চলতে বলেছে পাকিস্তানের নির্বাচন কমিশন। ১৮২ ধারায় বলা হয়েছে, মঙ্গলবার রাতের পর থেকে কোনও জনসভা, মিছিল, কর্নার মিটিং বা এ জাতীয় কোনও রাজনৈতিক কর্মকাণ্ডে কোনও ব্যক্তি অংশগ্রহণ করতে পারবেন না। আইনের উল্লিখিত বিধান লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

এদিকে ‘নিরাপত্তা’ ইস্যুতে নির্বাচনের দিন ইন্টারনেট বন্ধ রাখার ইঙ্গিত দিয়েছে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার।

তত্ত্বাবধায়ক স্বরাষ্ট্রমন্ত্রী গোহর এজাজ গত মঙ্গলবার নির্বাচনের দিন (আজ বৃহস্পতিবার) যেকোনও এলাকায় নিরাপত্তা সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে ইন্টারনেট পরিষেবা স্থগিত করার ইঙ্গিত দিয়েছেন। তবে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভোটগ্রহণ প্রক্রিয়া চলাকালীন সারা দেশে নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট