২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৪
সিলেটে পরিবহনশ্রমিক ইউনিয়নের চার নেতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ধরে নিয়ে যাওয়ার অভিযোগে সিলেট-ঢাকা মহাসড়ক, সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সন্ধ্যা পৌনে ছয়টা থেকে পরিবহন শ্রমিকেরা সিলেটের দক্ষিণ সুরমার ঢাকা-সিলেট মহাসড়কের তেতলি এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। রাত ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছিল।
এছাড়াও নগরীর টিলাগড়-মেজরটিলায় সিলেট-তামাবিল সড়ক, বিমানবন্দর রোড, গোলাপগঞ্জে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে রাখার খবর পাওয়া গেছে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান বলেন আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। তবে এখনো অবরোধ করে রেখেছেন শ্রমিকরা।
এর আগে বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা তেতলি এলাকার ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের দক্ষিণ সুরমা শাখার সাংগঠনিক সম্পাদক শরিফ আহমদ ও সদস্য জমির আহমেদকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে ধরে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। পাশাপাশি গোলাপগঞ্জ উপজেলা শাখার আরও দুজন পরিবহন শ্রমিক নেতাকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া যায়।
সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া বলেন, সিলেটের গোলাপগঞ্জ উপজেলা শাখার দুজন এবং দক্ষিণ সুরমা শাখার দুজন পরিবহনশ্রমিক নেতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অপরাধ কী, কিংবা কেন তাদের ধরে নেওয়া হয়েছে, সে ব্যাপারে কিছুই জানা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে যোগাযোগ করেও তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। এ জন্য পরিবহনশ্রমিকেরা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করছেন। আমরা জেলার প্রতিটি থানায় অবরোধ গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।
ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন দক্ষিণ সুরমা শাখার সহসভাপতি জুমেল আহমদ বলেন, তাদের নেতাদের হাজির করলে তারা অবরোধ প্রত্যাহার করবেন। এর আগপর্যন্ত অবরোধ চলবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D