জাতীয়বাঁকা পথে ক্ষমতায় বসার চিন্তা করবেন না, সোজা পথে আসুন : বিএনপিকে পরিবেশমন্ত্রী

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৩

জাতীয়বাঁকা পথে ক্ষমতায় বসার চিন্তা করবেন না, সোজা পথে আসুন : বিএনপিকে পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘‘আওয়ামী লীগ সরকারের আমলে দেশে আমূল পরিবর্তন হয়েছে। পদ্মা সেতুসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। আমেরিকা বাংলাদেশের উন্নয়ন ভালো চোখে দেখে না। এই বিদেশী এবং বিএনপি-জামায়াত ভালো চোখে দেখে না। এজন্য আগামী নির্বাচনকে তারা বানচাল করতে চায়। কিন্তু আমরা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী বেঁচে থাকতে নির্বাচন বানচাল করতে দিতে পারি না।

‘‘সেই কারণে বিদেশীদের জানিয়ে দিতে চাই; এ বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ত্রিশ লক্ষ মা-বোনের জীবনের বিনিময়ে স্বাধীন হয়েছে। তাই এ স্বাধীন দেশ বিদেশী প্রভুদের কথায় আমরা চলতে দিতে পারিনা।’’

পরিবেশমন্ত্রী শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৌরশহরে শান্তি মিছিল করেন।

মন্ত্রী বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, ‘‘১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপি নির্বাচন করেছিল। মনে আছে; ওই নির্বাচনে ভোটের বাক্স নিয়ে মানুষ ফুটবল খেলেছিল। ভোট সেন্টারে মানুষ যায় নাই। হ্যাঁ-না ভোট দিয়েছিল জিয়াউর রহমান। না-তে ভোট দিলে হ্যাঁ হয়ে গিয়েছিল। ৯৬’র ১৫ ফেব্রুয়ারি, হ্যাঁ-না ভোট এবং ২০০১ এর ষড়যন্ত্রের ভোটের কথা এ দেশের মানুষ ভুলে নাই।’’

বিএনপির শাসন আমলে দেশ দুর্নীতিগ্রস্ত হয়েছিল উল্লেখ করে পরিবেশমন্ত্রী বলেন, ‘‘বিএনপি এই দেশকে একটি জঙ্গি ও তালেবানি রাষ্ট্রে পরিণত করেছিল। জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে বারবার তারা গ্রেনেড হামলা করেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা, দেশজুড়ে বোমা হামলা, বাংলা ভাইয়ের উত্তান এগুলো বাংলার মানুষ ভুলে যায়নি।

বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে পরিবেশমন্ত্রী বলেন, ‘‘আমরা কথা দিচ্ছি একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন হবে। সাহস থাকলে আপনারা নির্বাচনে আসুন। জনগণ যদি আপনাদের ভোট দেয় তাহলে আপনারা ক্ষমতায় বসবেন। আপনাদের লাল সালাম জানাবো। অন্যথায় বাঁকা পথে ক্ষমতায় বসবেন অথবা কাউকে বাসাবেন এ চিন্তা করবেন না। এই ষড়যন্ত্রও করবেন না, সোজা পথে আসুন। না হলে আপনাদের ষড়যন্ত্র বাংলার জনগণ সফল হতে দিবে না।’’

বড়লেখা পৌর শহরের দক্ষিণবাজার এলাকায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুহাম্মদ সিরাজ উদ্দিন।

বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দরের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- বড়লেখা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস নান্টু ও অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী ও বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বপন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মকবুল হোসেন নীল, জেলা পরিষেদের সাবেক সদস্য হামিদুর রহমান শিপুল, উপজেলা যুবলীগের সভাপতি ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, বড়লেখা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল আহমদ প্রমুখ।