সিলেটে পৃথক ঘটনায় দুই যুবকের মৃত্যু

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৩

সিলেটে পৃথক ঘটনায় দুই যুবকের মৃত্যু

সিলেটের জালালাবাদ থানাধীন শাহ খুররম এলাকায় সেবুল আহমদ (৩০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘটেছে। বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যায় শাহ খুররম এলাকার ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সেবুল আহমদ দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের আব্দুল মজিদের পুত্র। তিনি বেশ কিছুদিন থেকে স্ত্রীকে নিয়ে শাহ খুররম এলাকার ভাড়া বাসায় থাকতেন।

জালালাবাদ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

মৃত্যুর বিষয়ে এখনো কোন অভিযোগ দায়ের করা হয়নি বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

এদিকে একইদিন সন্ধ্যায় সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের পাথারীপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত তরুণের নাম আলিমুদ্দীন। সে পাথারীপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে আহত অবস্থায় স্বজনরা বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালে আসার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়।