২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২২
বিএনপি নেতাকর্মীদের অতি উৎসাহী পুলিশ সদস্যদের তালিকা তৈরি করতে বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘পুলিশ নাকি বিএনপির নেতাকর্মীদের তালিকা করছে। অতি উৎসাহী কিছু পুলিশের সদস্য ও আওয়ামী সন্ত্রাসীদের তালিকা আপনারা তৈরি করেন।’
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। গতকাল বুধবার চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ নিয়ে দলটির পক্ষ থেকে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আমীর খসরু বলেন, সমাবেশে আসার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে আওয়ামী ও যুবলীগের সন্ত্রাসীরা। তাদের সঙ্গে যোগ দেন পুলিশের অতি উৎসাহী কিছু সদস্য। সমাবেশের আগের দিন বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালায় পুলিশ। গ্রেফতার করা হয় প্রায় অর্ধশত নেতাকর্মীকে।
তিনি বলেন, কিছু সদস্যের কারণে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। অনুরূপভাবে র্যাবের কিছু সদস্যের ভূমিকা নিয়েও আজ প্রশ্ন উঠেছে।
সমাবেশে যাওয়ার পথে বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মী বিনা কারণে হামলা চালিয়েছেন, তাদের তালিকাও করতে বলেন আমীর খসরু।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেম প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D