২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২২
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ সিলেট সফরে এসে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।
বৃহস্পতিবার রাত পৌনে আটটায় বিমানযোগে সিলেট পৌঁছান মন্ত্রী। এরপর শুক্রবার বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়ে বিকালেই সিলেট ত্যাগ করেন তিনি। কর্মসূচির মধ্যে ছিল সকাল সাড়ে ১১টায় সিলেট বেতার ও বাংলাদেশ টেলিভিশন উপকেন্দ্র পরিদর্শন; এরআগে সকাল সাড়ে ১০টায় সার্কিট হাউজে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময়।
সিলেট জেলা প্রশাসনের প্রটোকল শাখার পক্ষ থেকে মন্ত্রীর সফরসূচির যে তালিকা প্রদান করা হয়, সেখানে ‘নেতৃবৃন্দের সাথে মতবিনিময়’ বাক্যাংশের স্থলে লিখা ছিল ‘নেত্রীবৃন্দের সাথে মতবিনিময়’!
কেবল ওই সূচিতেই সীমাবদ্ধ থাকেনি এই ভুল। তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত এই মতবিনিময় সভার ব্যানারেও ছিল দৃষ্টিকটু এই ভুল। ‘নেতৃবৃন্দের’ না লিখে ‘নেত্রীবৃন্দের’ লেখার কারণে ব্যানারের অর্থই পাল্টে যায়।
এনিয়ে অনেককে নিজেদের মধ্যে আলোচনা করতে দেখা যায়। তাৎক্ষণিক এই ভুলের সংশোধন করা সম্ভব হয়নি বলে ব্যানারও পাল্টানো হয়নি। ভুল বাক্য আর ভুল অর্থের ব্যানার নিয়েই মন্ত্রী মতবিনিময় সভায় মিলিত হন।
এনিয়ে জেলা প্রশাসনের প্রটোকল শাখার কেউ মন্তব্য করতে রাজি হননি। জেলা ও মহানগর আওয়ামী লীগের কয়েকজন নেতা এটাকে সংশ্লিষ্টদের ‘অনিচ্ছাকৃত ভুল’ বলে মন্তব্য করলেও নিজেদের নাম প্রকাশ না করার অনুরোধ জানান।
মতবিনিময় সভার মন্ত্রীর দুই পাশে জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা বসা ছিলেন।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন। সভায় জেলা ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকদ্বয় সাংগঠনিক বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D