শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগের আল্টিমেটাম, নয়ত আমরণ অনশনের ঘোষণা

প্রকাশিত: ৩:১৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২২

শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগের আল্টিমেটাম, নয়ত আমরণ অনশনের ঘোষণা

আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে পদত্যাগের জন্য বুধবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত সময় বেধে দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে পদত্যাগ না করলে শিক্ষার্থীরা আমরণ অনশনে যাবেন বলে ঘোষণা দিয়েছেন তারা।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত ১০টায় শিক্ষার্থীদের পক্ষে মোহাইমিনুল বাশার রাজ এই আল্টিমেটাম ঘোষণা করেন।

তিনি বলেন, উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে বুধবার দুপুর ১২টার মধ্যেই পদত্যাগ করতে হবে, পদত্যাগ না করলে আমরা আমরণ অনশনে যাবো।

এর আগে রবিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় হল প্রভোস্ট কমিটির পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত ও উপাচার্যকে অবরুদ্ধ করে রাখা শিক্ষার্থীদের ওপর হামলা করে পুলিশ।

এ ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়টি বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু শিক্ষার্থীরা এই নির্দেশ উপেক্ষা করে ক্যাম্পাসে অবস্থান নেন এবং উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ’সহ প্রক্টরিয়াল বডি এবং ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালকের পদত্যাগ দাবি করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট