২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১
হাড় কাঁপানো নয়, রীতিমতো হাড় জমে যাওয়া ঠাণ্ডায় ভুগছে স্পেনের মানুষজন। কিছুদিন আগেই তীব্র তুষার ঝড়ে এলোমেলো করে গেছে স্প্যানিশদের জীবনযাত্রা। সেই ধকল এখনো কাটেনি। এর মধ্যেই আবার শুরু হয়েছে প্রবল শৈত্যপ্রবাহ।
গত সোমবার (১১ জানুয়ারি) রাতে দেশটির মধ্যাঞ্চলে তাপমাত্রা নেমে এসেছিল মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াসে। ভয়াবহ এ পরিস্থিতি বয়স্কদের ঘরের বাইরে বের হতে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
তীব্র শীতে দেশটিতে এ পর্যন্ত অন্তত সাতজনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে বার্সেলোনার দুই গৃহহীন ব্যক্তিও রয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানিয়েছে, সোমবার রাতে স্পেনের মোলিনা ডি আরাগন এবং তেরুয়েল এলাকার তাপমাত্রা নেমে এসেছিল মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াসে (মাইনাস ১৩ ডিগ্রি ফারেনহাইট), যা দেশটির ইতিহাসে গত ২০ বছরের মধ্যে সর্বনিম্ন।
‘স্প্যানিশ সাইবেরিয়া’
স্পেনে এত বেশি শীত পড়েছে যে, সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা মোলিনা ডি আরাগনকে স্থানীয়রা ‘স্প্যানিশ সাইবেরিয়া’ নামে ডাকতে শুরু করেছেন।
তীব্র শীত পড়েছে রাজধানী মাদ্রিদেও। সোমবার রাত নামতেই শহরটির তাপমাত্রা নেমে এসেছিল মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াসে।
প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে এমনিতেই স্পেনের হাসপাতালগুলোতে বেড সংকট রয়েছে। তার ওপর, বরফে আঘাত লেগে আহত লোকজনও ভিড় করতে শুরু করেছেন সেখানে।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, সোমবার মাদ্রিদের আঞ্চলিক হাসপাতালগুলোতে ১ হাজার ২০০ জনেরও বেশি মানুষ ভর্তি হয়েছেন, যারা বরফ দুর্ঘটনায় আহত। অর্থাৎ, হাসপাতালগুলোতে প্রতি ঘণ্টায় রোগী আসছেন গড়ে ৫০ জনেরও বেশি।
এমন বিপজ্জনক পরিস্থিতি সামলাতে বাসিন্দাদের ঘর থেকে বের হওয়ার বিষয়ে সতর্ক করেছে মাদ্রিদ প্রশাসন।
তীব্র তুষারপাতে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় বন্ধ ছিল মাদ্রিদ-বার্সেলোনা হাই-স্পিড রেল সার্ভিস। অবশ্য পরে সেটি আবারও চালু হয়েছে।
এছাড়া রাস্তাগুলো পরিষ্কার করতে ১ হাজার ৩০০টির বেশি বরফকাটা গাড়ি নামানো হয়েছে বলে জানিয়েছে স্প্যানিশ প্রশাসন।
সূত্র : বিবিসি নিউজ

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D