২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২০
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে সরকারের মধ্যে আলোচনা হয়নি। এটি আদালতের নির্দেশনায় হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা বলেন মন্ত্রী।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, একটি ঘটনার প্রেক্ষিতে মামলা দায়ের হয়েছে। মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আসামিরা আদালত থেকে জামিন নিয়েছেন। পুরো বিষয়টি আদালতের নির্দেশনায় হয়েছে। সরকার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেনি, আদালত করেছেন। সরকার আদালতকে নির্দেশনা দিতে পারে না।
সাংবাদিকদের আরেক প্রশ্নে সেতুমন্ত্রী বলেন, সরকার দেশের বিভিন্ন এলাকায় দুই লেনের সড়ক উন্নয়নে কাজ করছে। বিভিন্ন সড়ক চার লেন করা হচ্ছে।
গত বছরের ১ নভেম্বর ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে প্রথম আলোর কিশোর ম্যাগাজিন কিশোর আলোর বর্ষপূর্তি অনুষ্ঠান হয়। এতে নবম শ্রেণির ছাত্র নাঈমুল আবরার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। ঘটনার পর দিন আবরারের বাবা মজিবুর রহমান মোহাম্মদপুর থানায় মামলা করেন। ৬ নভেম্বর ঢাকার অতিরিক্ত মহানগর আদালতে অবহেলাজনিত কারণ উল্লেখ করে আরেকটি মামলা করেন তিনি। আদালত অপমৃত্যুর মামলার সঙ্গে এ মামলার তদন্তের দায়িত্ব দিয়ে মোহাম্মদপুর থানাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ১৬ জানুয়ারি মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল আলীম ১০ জনকে আসামি করে প্রতিবেদন জমা দেন। পরে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সোমবার মতিউর রহমানকে চার সপ্তাহের জামিন দেন হাইকোর্ট।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D