সারা দেশের মানুষ উদ্বিগ্ন : ড. কামাল

প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৯

সারা দেশের মানুষ উদ্বিগ্ন : ড. কামাল

দেশের অবস্থা নিয়ে সারা দেশের মানুষ উদ্বিগ্ন। মুক্তিযুদ্ধ মঞ্চ নামধারী ছাত্রলীগের কর্মীরা ডাকসু নুরসহ সাধারণ ছাত্রদের ওপর পূর্বপরিকল্পিত হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্য ফ্রন্টের আহ্বায়ক গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

ড. কামাল হোসেন বলেন, এর তীব্র নিন্দা জানাই। সংবিধানের ওপর হামলা হয়েছে। পেশিশক্তির ব্যবহার করে নজিরবিহীন হামলা। সামনের বছর বৃহত্তর ঐক্যকে সুসংহত করে যা করার সব করব।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে মতিঝিলে নিজ কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে লিখিত বক্তব্যে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

লিখিত বক্তব্যে ড. কামাল বলেন, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের উপর মুক্তিযুদ্ধ মঞ্চ নামধারী ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় ডাকসু ভিপি নুরুল হক নুরু, এবিএম সোহেল, হাসান আল মামুন, রাশেদ খান ফারুকসহ প্রায় অর্ধশতাধিক ছাত্র গুরুতর আহত হয়। কেউ কেউ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাদের হত্যা করার জন্য পরিকল্পিতভাবে ডাকসু ভবনে আলো নিভিয়ে বর্বরোচিত নির্মম হামলা চালায়। তুহিন ফারাবী লাইফ সাপোর্টে আছে। আমরা দেশবাসীকে দ্ব্যর্থহীন জানাতে চাই তথাকথিত মুক্তিযুদ্ধ মঞ্চ যে জঘন্য ও বর্বর হামলা করা হয়েছে তা লক্ষ শহীদের প্রতি চরম অবমাননা।

তিনি আরও বলেন, ভোট ডাকাত সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য একের পর এক ছাত্র-শ্রমিক-জনতার ওপর এরূপ পৈশাচিক ঘটনা ঘটাচ্ছে। এই গণবিরোধী ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য ঐক্যফ্রন্ট মনে করে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা অপরিহার্য।

জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে আরও উপস্থিত ছিলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরাম নেতা অধ্যাপক আবু সাইয়িদ ও অ্যাডভোকেট মোহসীন রশিদ।