যুবলীগের নতুন চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৯

যুবলীগের নতুন চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান হয়েছেন শেখ ফজলে শামস পরশ। যুবলীগের সপ্তম সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষণাটি দেন।

শনিবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সম্মেলনে শুরু হয়।

শেখ ফজলে শামস পরশ যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনিরের বড় ছেলে। তার ছোট ভাই এমপি শেখ ফজলে নূর তাপস।

সম্মেলন স্থলে সকাল থেকেই নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। সম্মেলন শুরু হওয়ার আগে সকাল ১০টার পর ভাই শেখ ফজলে নূর তাপস ও চাচা শেখ ফজলুল করিম সেলিমের সঙ্গে সমাবেশ স্থলে আসেন পরশ। ঝাঁকড়া চুলের দীর্ঘদেহী মানুষটি যখন মূল মঞ্চের দিকে যেতে থাকেন তখন জাতীয় নেতারা তাকে অভিনন্দন জানান।

তিনি মূল মঞ্চে উঠেই সবার সঙ্গে কুশল বিনিময় করে প্রথম সারির পাঁচটি চেয়ারের একটিতে বসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডান পাশের এক চেয়ার পরেই বসেছেন পরশ। যখন পরশ মঞ্চের দিকে আসেন তখন নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। এমন অনেকেই বলতে থাকেন যুবলীগের আগামী চেয়ারম্যান এসে গেছেন। মঞ্চে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখা যায় পরশকে নিয়ে মঞ্চের সামনে বসে থাকা নেতাকর্মীদের উদ্দেশে কিছু বলছেন। শেষ পর্যন্ত পরশই হলেন যুবলীগের চেয়ারম্যান।