১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৯
আশরাফুল ইসলাম ইমরান : দীর্ঘ সময় ধরে ক্ষমতার বাইরে বিএনপি। বিএনপি নেতাকর্মীদের উপর আছে অসংখ্য মামলা। মাথায় মামলা নিয়ে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে কর্মীরা। ক্ষমতা থেকে বাইরে থাকা আর মামলার কারণে তৃণমূলে বিরাজ করছে হতাশা। তার সাথে যথাসময়ে কমিটি না হওয়ায় দলীয় কার্যক্রম পড়েছে ঝিমিয়ে। গ্রুপ-উপগ্রুপে বিভক্ত হচ্ছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দলের কর্মীদের চাঙ্গা করতে আগামী ২৪ সেপ্টেম্বর সিলেটে বিভাগীয় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সমাবেশ সফল করতে ইতিমধ্যে সিলেট জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতারা ব্যাপক সমাগমের জন্য প্রস্তুতি নিচ্ছেন। জানা গেছে, সিলেটের সব উপজেলায় উপজেলায় দলের সমাবেশ সফলের জন্য প্রস্তুতি সভার আয়োজন চলছে। গত বুধবার সিলেট মহানগর বিএনপির সমাবেশ সফলের লক্ষ্যে নগরীর একটি সেন্টারে পরামর্শ ও প্রস্তুতি সভা করেছে।
সিলেট জেলা ও মহানগর বিএনপির কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। আহবায়ক কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। সিলেট বিএনপির সাংগঠনিক কার্যক্রমে গতি এনে তৃণমূলকে জাগিয়ে তুলতে ২৪ তারিখের সমাবেশ সফলের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে বিএনপি। যেকোনো মূল্যে সিলেটে সমাবেশ করতে চায় বিএনপি। আগামী ২৪ সেপ্টেম্বর সিলেট রেজিষ্টারী মাঠে সমাবেশের অনুমতি চেয়ে গত ১৬ সেপ্টেম্বর সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে লিখিতভাবে অবহিত করা হয়। তবে এখনও পাওয়া যায়নি অনুমতি। একটি সূত্র জানায়, সিলেট থেকে বিএনপির অনুমতির আবেদন ঢাকা ডিএমপির কাছে পাঠিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। ডিএমপির কাছে সবুজ সংকেত পাওয়া গেলে অনুমতি মিলবে সমাবেশের।
২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচন প্রতিহত করতে গিয়ে বিএনপি নেতাকর্মীরা তীব্র আন্দোলনে জড়িয়ে পড়েন। আন্দোলন করে সিলেটে গণহারে মামলার শিকার হন বিএনপির হাজার হাজার নেতাকর্মী। বিশেষ করে সিলেট জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে ডজনখানেক করে মামলা আছে বিভিন্ন থানায়। সেসব মামলার বোঝা এখনও টানতে হচ্ছে তাদেরকে। তাছাড়া থানা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা বাদ যাননি মামলা থেকে। মামলার ভয়ে সিলেটে তৃণমূল নেতাকর্মীরা এখন রাজনৈতিক কর্মকান্ড যথাসম্ভব দূরেই থাকছেন। এসব নেতাকর্মীদের ফের রাজনীতিমুখী করা সিলেট বিএনপির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গত আগস্ট মাসে সিলেট নগরীতে বিশাল মিছিল বের করে জেলা ছাত্রদল। মিছিলের পর উজ্জীবিত হয়ে উঠে ছাত্রদল।
সামগ্রীক বিষয়ে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, বিএনপির বিভাগীয় মহাসমাবেশের জোর প্রস্তুতি নিচ্ছি আমরা। ২৪ সেপ্টেম্বরের মধ্যে এ সমাবেশ করতে চাইছি। নেত্রীর মুক্তির আন্দোলনকে চাঙ্গা করতে এ মহাসমাবেশের আয়োজন। সমাবেশ সফল করতে আমরা জোর প্রস্তুতি নিচ্ছি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D