৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৯
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে জাপান দীর্ঘমেয়াদি সহযোগিতা দিতে আগ্রহী। রবিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতের সময় ঢাকায় জাপানের বিদায়ী রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি তার দেশের এই আগ্রহের কথা জানান।
এ সময় রাষ্ট্রপতিকে জাপানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের উন্নয়নের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। জাপান দীর্ঘ মেয়াদে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা দিতে আগ্রহী।
বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সাংবাদিকদের এ কথা বলেন।
বাংলাদেশে অবস্থানের সময় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করার জন্য ইজুমি রাষ্ট্রপতি ও বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
বাংলাদেশে মেয়াদের সময় সাফল্যের সঙ্গে সম্পন্ন করার জন্য রাষ্ট্রপতি জাপানি দূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, স্বাধীনতার পরপরই ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে জাপান বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এরপর থেকেই দ্বিপাক্ষিক বন্ধুত্ব বজায় রেখে চলেছে।
রাষ্ট্রপ্রধান বলেন, ১৯৭৩ সালে জাতির পিতার একমাত্র ঐতিহাসিক জাপান সফরের অল্পদিন পরই দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছায়।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে জাপানের বিরাট অবদান রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে জাপানের বিনিয়োগ এ দেশের আর্থ-সামাজিক খাতের উন্নয়নকে ত্বরান্বিত করেছে। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাপানের প্রধানমন্ত্রী সিন জো আবের মধ্যকার উচ্চ-পর্যায়ের সফর বিনিময় প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, এটি দুদেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক হয়েছে।
এ সময় বঙ্গভবন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D