গানের জগতে কিংবদন্তিতুল্য একটি নাম শাহনাজ রহমত উল্লাহ : ফখরুল

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৯

গানের জগতে কিংবদন্তিতুল্য একটি নাম শাহনাজ রহমত উল্লাহ : ফখরুল

বাংলা গানের কিংবদন্তি, দেশাত্ববোধক গানের অপ্রতিদ্বন্দ্বি কন্ঠশিল্পী শাহনাজ রহমত উল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৪ মার্চ) দলের যুগ্ম সিনিয়র মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এর শোকবার্তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের বরেণ্য সঙ্গীত শিল্পী শাহনাজ রহমত উল্লাহর মৃত্যুতে এক বড় ধরণের ক্ষতি। তিনি ছিলেন বাংলাদেশে প্রেরণামূলক দেশাত্ববোধক গানের এক অগ্রগণ্য শিল্পী।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকালে দেশবাসীকে উজ্জীবিত করেছিল তার গান। তার গাওয়া অসংখ্য অনবদ্য গানের মধ্যে ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ গানটি মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমকে এতো গভীরভাবে উদ্বুদ্ধ করেছিল যে, তিনি স্বদেশপ্রেমের এই জাগরনী গানটিকে তার প্রতিষ্ঠিত দল বিএনপির দলীয় সঙ্গীত হিসেবে মনোনীত করেন।

তিনি বলেন, তার কন্ঠে গাওয়া যুগজয়ী গানগুলি আগত প্রজন্মকে সমানভাবে অনুপ্রাণিত করবে। তার অকাল মৃত্যু সঙ্গীত ও সংস্কৃতির ভুবনে এক গভীর শুন্যতা সৃষ্টি করলো।

বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমা শাহনাজ রহমত উল্লাহর রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, ভক্ত এবং শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।