১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৯
সুনামগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, তরুণ প্রজন্ম যে আস্থা নিয়ে এ সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে, তাদর সে আস্থা পূরণে কাজ করে যাবে সরকার।দেশকে পিছিয়ে নিতে স্বাধীনতাবিরোধীরা একটি নীল নকশা করেছিলো। এদেশের আপামর জনতা, শিক্ষিত শ্রেণী বিশেষ করে তরুণ সমাজ এ চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৫টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার এফআইভিডিবি মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন, এ দেশের মানুষ স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে কখনোই আপস করবেন না। জনগণ তাদের পক্ষে কখনই রায় দেবে না। তাই একাদশ জাতীয় নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে প্রমাণ করে দিয়েছে।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে মানুষকে সচেতন হতে হবে। এজন্য শিক্ষাই একমাত্র পথ। শিক্ষার্থীদের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে ভালো শিক্ষা দিতে হবে। কোনো কৃত্রিম জ্ঞান শিশুদের মাঝে না ঢুকিয়ে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। সঠিক ইতিহাস তাদের জানাতে হবে, শিখাতে হবে। আত্মপরিচয় দিতে হবে যে, আমাদের আলাদা সত্তা আছে আমরা বাংলাদেশি। শিক্ষার্থীদের স্বাভাবিকভাবে বাড়তে দিতে হবে।
মন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়নে আমাদের সঙ্গে থাকেন, আপনাদের জন্য আরও সুযোগ-সুবিধা আসবে। আপনারা নিজেরা সহিষ্ণু হন এবং শিক্ষার্থীদের সহিষ্ণু হওয়ার শিক্ষা দিন। তাদের বুঝান পৃথিবীটা আমাদের সবার।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বজলুর রহমানের সভাপতিত্বে ও রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কুমার চক্রবর্তীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাফি উল্লাহ্, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালা, দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, শিক্ষক রণধীর মজুমদার, বাদল চন্দ্র দাশ, সঞ্জয় তালুকদার, বেনু মজুমদার, রাবেয়া রুবী ও সালেহ্ আহমদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D