ঢাকা-১৫ আসনে ধানের শীষের অন্যতম সমন্বয়ক ড. রেজাউল করিম নিখোঁজ

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৮

ঢাকা-১৫ আসনে ধানের শীষের অন্যতম সমন্বয়ক ড. রেজাউল করিম নিখোঁজ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ডা.শফিকুর রহমানের অন্যতম নির্বাচনী সমন্বয়ক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও দলটির ঢাকা মহানগর উত্তর শাখার সেক্রেটারী ড. মুহাম্মাদ রেজাউল করিম ও তাঁর ব্যক্তিগত গাড়িচালক মুহাম্মদ মুহিবুল্লাহ গতকাল বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ রয়েছেন।

তাদের সন্ধান দিয়ে অবিলম্বে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জন্য প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ জানিয়েছেন জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।

মুহাম্মদ সেলিম উদ্দিনের বিবৃতি দিয়ে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের  প্রচার সহকারী এস এম আব্দুল্লাহ’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য ও দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭.২০টার পর থেকে ড. রেজাউল করিম ও তাঁর গাড়িচালকের সাথে পরিবার ও দলীয় নেতাকর্মীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এখন পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায়নি তাদের।

সর্বশেষ যোগাযোগের সময় ধানের শীষের প্রার্থীর এই সমন্বয়ক নির্বাচনী বিভিন্ন প্রোগ্রামাদি শেষ করে ‘ঢাকা মেট্রো গ-২৬-৬৯১৯’ গাড়িযোগে বাসায় ফিরছিলেন।

ড. রেজাউল করিম ও তার গাড়িচালকের সন্ধান না পেয়ে তাঁর তিন শিশু সন্তান, স্ত্রী ও বৃদ্ধা মাসহ দলীয় নেতাকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন বলে জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

ড. রেজাউল করিম ও মুহিবুল্লাহর নিরাপত্তা, কল্যাণময় জীবন কামনা ও তাড়াতাড়ি পরিবারের মাঝে ফিরে আসতে পারার জন্য মহান আল্লাহর রহমত কামনা করে দোয়া করার জন্য দেশবাসীর কাছে বিশেষভাবে অনুরোধ করেছেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।