মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ীতে ৫ বিএনপি নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ীতে ৫ বিএনপি নেতা গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা বিএনপির সভাপতিসহ দুজন ও জুড়ীতে ইউপি চেয়ারম্যানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৃথক দুটি ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন-বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ (৫৮) ও দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার (৪৫), জুড়ী উপজেলা বিএনপির নেতা হাজী মাছুম রেজা (৪০), বিএনপি নেতা-শিক্ষক আব্দুল গফুর সেলিম (৪৫) এবং বিএনপি নেতা রেজাউল করিম রাজু (৩০)।

বুধবার (১৯ ডিসেম্বর) দুপুরে বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজকে ও ভোররাতে দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বারকে গ্রেপ্তার করা হয়।

বড়লেখা উপজেলা বিএনপির সভাপতিসহ দুজন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জসীম বলেন, ‘নির্বাচনের প্রচার গাড়িতে হামলার অভিযোগে তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলা নং-১১। এই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

অন্যদিকে জুড়ীতে আওয়ামী লীগ প্রার্থী মো. শাহাব উদ্দিনের প্রচারণা থেকে ফেরার পথে যুবলীগ নেতা আহমেদ কামাল অহিদের উপর ককটেল হামলা ও তার ব্যক্তিগত মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে জুড়ী বাজার এলাকায় এই ঘটনাটি ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

এই ঘটনায় জুড়ী থানায় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজাকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলার পর রাতেই জুড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে মাছুম রেজাসহ তিনজনকে গ্রেপ্তার করে।

বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যানসহ তিনজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার বুধবার (১৯ ডিসেম্বর) বিকেলে বলেন, ‘খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলা নং-০৭। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট