মোগলাবাজারে ডাকাতি, ৬০ লাখ টাকার মাল লুট

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৮

মোগলাবাজারে ডাকাতি, ৬০ লাখ টাকার মাল লুট

সিলেটের মোগলাবাজার থানাধীন কুচাই এলাকার একটি বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ঐ বাসা থেকে ৫০ ভরি স্বর্ণের গয়না, নগদ ৫লক্ষ টাকা, ৫ শতাধিক পাউন্ড এবং ৫টি আইফোনসহ সর্বমোট মোট ৬০ লক্ষাধিক টাকার জিনিসপত্র লুট করে নিয়ে গেছে ডাকাতরা।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে সৈয়দ শিপন আলম সোবলার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। তবে শনিবার সকালে অভিযান চালিয়ে একটি আইফোনসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে মোগলাবাজার থানা পুলিশ।

জানা গেছে- শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বাড়ীর রান্না ঘরের জানালা ভেঙ্গে ঘরে ঢুকে ১৫-১৬ সদস্যের ডাকাত দল। ঘরে ডুকেই অস্ত্রের মুখে জিম্মি করে রাখে বাসার মালিক সোবলাসহ সকল সদস্যকে। বাসায় সোবলা ছাড়াও উপস্থিত ছিলেন তার দুই লন্ডন প্রবাসী বোন এবং পরিবারের অন্যান্য মহিলা সদস্যরা। আগামী ২১ ডিসেম্বর তার আরেক বোনের বিবাহ উপলক্ষে দেশে এসেছেন তার দুই বোন।

ডাকাত দল ঘরে ঢুকেই বন্দুক ও ধারালো ছুরির মুখে জিম্মি করে রাখে পরিবারের সবাইকে। আলমারির চাবি দিতে দেরী করায় বাসার মালিকের বোন সৈয়দা লাভলী ইয়াসমিনের হাতে চাকু দিয়ে আঘাত করে ডাকাতরা। এছাড়া বাসার মালিক সোবলাসহ পরিবারের সকল সদস্যকেই মারধর করেছে ডাকাতদল।

এ ঘটনায় শনিবার সকালে মোগলাবাজার থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।

মোগলাবাজার থানার ওসি আব্দুল কাইয়্যুম ডাকাতির বিষয়টি নিশ্চিত করে জানান, ডাকাতির ঘটনায় সকালেই অভিযান পরিচালনা করে একটি আইফোনসহ এক ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তবে অন্য ডাকাতদের গ্রেফতারের স্বার্থে গ্রেফতারকৃত ডাকাতের বিস্তারিত পরিচয় জানাননি ওসি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট