৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, মে ১৫, ২০১৮
সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ও আলটিমেটাম নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন মন্ত্রিসভার সদস্যরা। মন্ত্রিসভার নির্ধারিত এজেন্ডার বাইরে অনির্ধারিত আলোচনায় ওই আলটিমেটাম ও বঙ্গবন্ধু স্যাটেলাইট ১-এর সফল উৎক্ষেপণের বিষয়টি উঠে আসে। বৈঠকে অংশগ্রহণকারী একাধিক সদস্য এ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়ে প্রায় এক ঘণ্টা আলোচনা হয়। একপর্যায়ে মন্ত্রিসভার সদস্যরা এ স্যাটেলাইটের সমালোচনাকারীদের বিষয় নিয়ে বক্তব্য দেন। এ পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, যেকোনো বিষয় নিয়ে যে কেউ সমালোচনা করতেই পারে। কিন্তু ভুল তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করা খুব দুঃখজনক বিষয়।
পরে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আলোচনা করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রমুখ। একপর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, কোটা বাতিলের বিষয়ে আমি ঘোষণা দিয়েছি। এটি বাস্তবায়ন করতে একটি কমিটি গঠন করা হবে। এ কমিটি সাংবিধানিক বিষয়গুলোসহ সব কিছু পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে। কিন্তু তার আগেই ছাত্রছাত্রীরা আলটিমেটাম দিয়ে রাস্তায় নেমে পড়ল। আমরা তো কাজ করছি। এমনটা তো নয়, যে আমরা কাজ করছি না।
এর আগে কোটা বাতিলের বিষয়ে অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, কোটা বাতিলের বিষয়ে খুব শিগগিরই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সিদ্ধান্ত জানানো হবে বলে আশা করছি। আমি যতটুকু জানি, জনপ্রশাসন মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সারসংক্ষেপ পাঠিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে খুব শিগগিরই একটি সিদ্ধান্ত পাওয়া যাবে বলে আমি আশা করছি।
এর আগে গত ৮ এপ্রিল থেকে টানা পাঁচদিন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করে। পরে ১২ এপ্রিল জাতীয় সংসদের অধিবেশনে কোটা পদ্ধতি বাতিল ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওই ঘোষণার পর এক মাস পেরিয়ে গেলেও এখনো কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি করা হয়নি। সর্বশেষ ১০ মে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোজাম্মেল হক খান ‘কোটা সংস্কার বা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত কমিটির প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে’ বলে জানালেও প্রজ্ঞাপন জারির বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি।
এরই পরিপ্রেক্ষিতে গতকাল থেকে প্রজ্ঞাপন জারির জন্য নতুন করে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। গতকাল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তাঘাট অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনকারীরা সোমবার দুপুর ১টা থেকে শাহবাগ এলাকা অবরোধ করে রেখেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D