২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০১৮
রাত পোহালেই আজ বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে ইউনিয়ন পরিষদ (ইউপি) সাধারণ, বিভিন্ন পদে উপনির্বাচন, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন, পৌরসভা সাধারণ ও বিভিন্ন পদে উপনির্বাচন এবং খুলনা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ১টি করে সাধারণ ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে।
এসব নির্বাচনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এ জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব (চলতি দায়িত্ব) এসএম আসাদুজ্জামান।
আসাদুজ্জামান বলেন, আগামীকাল (বৃহস্পতিবার) দেশের বিভিন্ন স্থানে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ৪৭টি ও বিভিন্ন পদে উপ নির্বাচন/স্থগিত নির্বাচন ৭২টি, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন ১টি, পৌরসভা সাধারণ নির্বাচন ৪টি ও বিভিন্ন পদে উপনির্বাচন/স্থগিত নির্বাচন ৭টি এবং খুলনা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাধারণ ওয়ার্ডের ১টি করে নির্বাচনসহ সর্বমোট ১৩৩টি নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, মঙ্গলবার দিবাগত মধ্যরাত ১২টা থেকে ভোটগ্রহণের পরবর্তী ৪৮ ঘণ্টা অর্থাৎ ৩১ মার্চ দিবাগত রাত ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় কোনো ব্যক্তি কোনো জনসভা আহ্বান, অনুষ্ঠান বা তাতে যোগদান করতে এবং কোনো ব্যক্তি মিছিল বা শোভাযাত্রা সংগঠিত করতে বা তাতে যোগদান করতে পারবেন না।
তিনি আরো বলেন, ভোটের আগের দিন অর্থাৎ বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত বেবিটেক্সি, অটোরিকশা, ইজিবাইক, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো প্রভৃতি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সেই সঙ্গে ভোটগ্রহণের পূর্ববর্তী তিন দিন থেকে ভোটগ্রহণের দিন মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।
এছাড়া ভোটের দিনের পূর্ববর্তী রাত অর্থাৎ বুধবার দিবাগত মধ্যরাত ১২টা থেকে গ্রহণের দিন বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত লঞ্চ, ইঞ্জিন চালিত সকল ধরনের নৌ-যান ও স্পিটবোট চলাচল করতে পারবে না। তবে জনগণ বা ভোটারদের চলাচলের জন্য ক্ষুদ্র নৌযান চলাচল নিষেধাজ্ঞার বাইরে রাখতে বলা হয়েছে বলেও জানান আসাদুজ্জামান।
ইসির এ যুগ্ম-সচিব বলেন, ভোট সুষ্ঠু করতে নিম্নোক্তভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়োগ দেয়া হয়েছে-
ইউনিয়ন পরিষদ নির্বাচন:
ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিটি ভোটকেন্দ্রে একজন অফিসারসহ ৩ জন পুলিশ, অস্ত্রসহ ৪ জন আনসার এবং অঙ্গীভূত আনসার/ভিডিপি সদস্য ১৩ জনসহ সর্বমোট ২০ জন মোতায়েন থাকবে। প্রতি ইউনিয়নে পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ন আনসারের ২টি করে মোবাইল টিম, বিজিবি ১ প্লাটুন ও র্যাবের ২টি করে টিম মোতায়েন থাকবে।
এছাড়া পটুয়াখালী, বরগুনা ও সন্দ্বীপের জন্য ১ প্লাটুন কোস্টগার্ড সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে। ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ৭৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়োগ করা হয়েছে।
পৌরসভা নির্বাচন:
পৌরসভা নির্বাচন উপলক্ষে সাধারণ কেন্দ্রে ৫ জন পুলিশ, অস্ত্রসহ ২ জন আনসার এবং অঙ্গীভূত আনসার/ভিডিপি সদস্য ১২ জন, সর্বমোট ১৯ জন মোতায়েন থাকবে এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১ জন অফিসারসহ ৬ জন পুলিশ, অস্ত্রসহ ২ জন আনসার এবং অঙ্গীভূত আনসার/ভিডিপি সদস্য ১২ জন, সর্বমোট ২০ জন মোতায়েন থাকবে।
এছাড়া পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে মোবাইল টিম ৩২টি, স্ট্রাইকিং ফোর্স ৫টি, ১০ প্লাটুন বিজিবি ও র্যাবের ১৭টি টিম মোতায়েন থাকবে। পৌরসভা নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৩৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।
উপজেলা পরিষদ নির্বাচন:
উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সাধারণ কেন্দ্রে ২ জন পুলিশ, অস্ত্রসহ ২ জন আনসার এবং অঙ্গীভূত আনসার/ভিডিপি সদস্য ১০ জন ও ১ জন গ্রাম পুলিশসহ সর্বমোট ১৫ জন মোতায়েন থাকবে এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৩ জন পুলিশ, অস্ত্রসহ ২ জন আনসার এবং অঙ্গীভূত আনসার/ভিডিপি সদস্য ১০ জন ও ১ জন গ্রাম পুলিশসহ সর্বমোট ১৬ জন মোতায়েন থাকবে।
এছাড়া পুলিশ, এপিবিএন ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে ১০টি মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স ৩টি, ৩ প্লাটুন বিজিবি ও র্যাবের ৩টি টিম মোতায়েন থাকবে। এছাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ১০ জন এক্সিকিউটিভ ও ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।
সিটি করপোরেশন নির্বাচন:
সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সাধারণ কেন্দ্রে ৭ জন পুলিশ, অস্ত্রসহ ৩ জন আনসার এবং অঙ্গীভূত আনসার/ভিডিপি সদস্য ১২ জন, সর্বমোট ২২ জন মোতায়েন থাকবে এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৭ জন পুলিশ, অস্ত্রসহ ৫ জন আনসার এবং অঙ্গীভূত আনসার/ভিডিপি সদস্য ১২ জন, সর্বমোট ২৪ জন মোতায়েন থাকবে।
এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৬নং সাধারণ ওয়ার্ডের উপনির্বাচনে পুলিশের ৪টি ও র্যাবের ৩টি টিম ও খুলনা সিটি করপোরেশনের ৬নং সাধারণ ওয়ার্ডের উপনির্বাচনে পুলিশের ৩টি ও র্যাবের ২টি টিম স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে। সিটি করপোরেশনের প্রতি ওয়ার্ডে ১ জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী এ নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ সময় ছিল ১ মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ৪ ও ৫ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১২ মার্চ, প্রতীক বরাদ্দ করা হয়েছে ১৩ মার্চ এবং ভোটগ্রহণ করা হবে ২৯ মার্চ বৃহস্পতিবার।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D