বিজিবি’র মহাপরিচালক হিসেবে যোগদান করলেন সাফিনুল ইসলাম

প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৮

বিজিবি’র মহাপরিচালক হিসেবে যোগদান করলেন সাফিনুল ইসলাম

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।

বুধবার (২৮ মার্চ) সকালে ভারপ্রাপ্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনিছুর রহমানের কাছ থেকে তিনি মহাপরিচালকের দায়িত্বভার গ্রহণ করেন। পরে জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এরআগে, মো. সাফিনুল ইসলাম বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োজিত ছিলেন।

মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম ২ মার্চ ১৯৬৬ সালে জয়পুরহাট জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২৫ জুন ১৯৮৪ সালে বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমিতে যোগদান করেন এবং ২৭ জুন ১৯৮৬ সালে ইনফ্যান্ট্রি কোরে কমিশন লাভ করেন।

তিনি দেশে ও বিদেশে বিভিন্ন প্রফেশনাল কোর্সে অংশগ্রহণ করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিরপুরের একজন গ্র্যাজুয়েট। তাছাড়া তিনি যুক্তরাষ্ট্র থেকে ইনফ্যান্ট্রি অফিসার্স অ্যাডভান্স কোর্স, সৌদি আরব থেকে স্টাফ কোর্স ও আরবি ভাষা কোর্স সম্পন্ন করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ (এমডিএস) ডিগ্রি অর্জন করেন।

সামরিক কর্মজীবনে স্টাফ, প্রশিক্ষক ও কমান্ড পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তিনি স্টাফ পর্যায়ে একটি ইনফ্যান্ট্রি ব্রিগেডের ব্রিগেড মেজর, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক এবং আর্মড ফোর্সেস ডিভিশন (AFD)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি প্রশিক্ষক হিসেবে স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স, সিলেটের ইন্সট্রাক্টর, এনসিও’স একাডেমির সিনিয়র ইন্সট্রাক্টর এবং ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, মিরপুরের ডাইরেক্টিং স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কমান্ড পর্যায়ে একটি ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের অধিনায়ক, একটি ব্যাটেল গ্রুপের কমান্ডার এবং দুইটি ইনফ্যান্ট্রি ব্রিগেডের কমান্ডারের দায়িত্ব পালন করেন।

তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের পর্যবেক্ষক হিসেবে ইরাকে নিয়োজিত ছিলেন। তিনি যুক্তরাষ্ট্র, ইরাক, যুক্তরাজ্য, নেপাল, থাইল্যান্ড, শ্রীলংকা, চীন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও জার্মানিসহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।

আরো পড়ুন…
বিজিবি’র মহাপরিচালক আবুল হোসেনকে প্রত্যাহার
ঢাকা: দেশের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবুল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তবে বিজিবির নতুন ডিজি হিসেবে এখনও কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

বিজিবির মহাপরিচালক পদ থেকে প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়ে আবুল হোসেনের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সশস্ত্র বাহিনী বিভাগ প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে আমাদের কাছে আদেশ জারির জন্য প্রস্তাব পাঠিয়ে থাকে। আমরা আদেশ জারি করি। কেন নিয়োগ কিংবা সরিয়ে নেওয়া হয় তা আমাদের জানার সুযোগ নেই।

রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালনের সময় ২০১৬ সালের ২ নভেম্বর বিজিবির মহাপরিচালক নিয়োগ পেয়েছিলেন আবুল হোসেন।