সিলেটে সীমান্তে সাড়ে ১০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৬

সিলেটে সীমান্তে সাড়ে ১০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সিলেট সীমান্তে বিজিবি ৪৮ ব্যাটালিয়ন ও এসআরবির যৌথ অভিযানে বিস্ফোরক, স্কার্ফ সিরাপসহ প্রায় ১০ লাখ ৬০ হাজার ৮০০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট বিজিবি ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, এসআরবি ও শ্রীপুর বিওপির টহলদলের যৌথ অভিযানের পাশাপাশি বিছনাকান্দি, বাংলাবাজার, সংগ্রাম, সোনারহাট, তামাবিল ও শ্রীপুর বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। এসব অভিযানে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক, সাতটি নেশাজাতীয় স্কার্ফ সিরাপ, গরু, কম্বল, আলু ও টমেটোসহ বিভিন্ন চোরাচালানি পণ্য আটক করা হয়।

আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১০ লাখ ৬০ হাজার ৮০০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।