শাবিতে নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পেলে চাকরি থাকবে না : উপাচার্য

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৬

শাবিতে নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পেলে চাকরি থাকবে না : উপাচার্য

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের অস্থিতিশীল কর্মকাণ্ডে কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় যা-ই হোক না কেন, প্রয়োজনে সিন্ডিকেট সভা ডেকে তার চাকরি অবসানের ব্যবস্থা করা হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অস্থিতিশীল কর্মকাণ্ডের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় পরিবারের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের অরাজকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। বিশ্ববিদ্যালয়ের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় যেকোনো কঠোর পদক্ষেপ নিতে তিনি এক সেকেন্ডও দেরি করবেন না। কোনো অপশক্তিকে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ নষ্ট করার সুযোগ দেওয়া হবে না।

মানববন্ধনে সৈয়দ মুজতবা আলী হলের প্রাধ্যক্ষ আশরাফ সিদ্দীকির সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. আশরাফ উদ্দিন, ভৌতবিজ্ঞান অনুষদের ডিন আহমেদ কবির চৌধুরী, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক সালমা আক্তার এবং ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক সাইফুল ইসলাম।

এ ছাড়া কর্মসূচিতে প্রক্টর মোখলেসুর রহমান, বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ আ ফ ম জাকারিয়া, কেন্দ্রীয় গ্রন্থাগার প্রশাসক মিজানুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত হয়ে কর্মসূচির প্রতি সমর্থন জানান।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট