সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৬

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে কাজ শুরু হয়েছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও বিষয়টি নিয়ে কাজ করছেন। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে কার্যকর উদ্যোগ দৃশ্যমান হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, সিলেটকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। এ অঞ্চলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ একাধিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর পাশাপাশি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা গেলে উচ্চশিক্ষা ও প্রযুক্তিগত শিক্ষার বিকাশে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

কলেজের যোগাযোগব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে একটি দৃষ্টিনন্দন সড়ক নির্মাণ করা হয়েছে। সড়কটিতে স্ট্রিট লাইট স্থাপনের বিষয়টিও বিবেচনায় রয়েছে। আগামীকাল সড়কটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ ও নিরাপদ করতে সিটি করপোরেশন কাজ করবে।

কলেজের অধ্যক্ষ ড. মো. সাহিদ ইকবালের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মাসুদুর রহমানের সঞ্চালনায় সভায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য দেন।

  • বিশেষ অতিথির বক্তব্য দেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. আবু নাসের মজুমদার। এ সময় কলেজের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে সিসিক প্রশাসক কলেজের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট