|
প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৬
উন্নত জীবনের স্বপ্ন নিয়ে দালালের মাধ্যমে লিবিয়া থেকে সাগরপথে ইউরোপের দেশ গ্রিসে যাত্রা করেছিলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৭ যুবক। কিন্তু ভূমধ্যসাগরে প্লাস্টিকের নৌকায় ছিদ্র হয়ে দুর্ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন তাদের ছয়জন।
নিখোঁজের ১৫ দিন পার হলেও তাদের কোনো সন্ধান পাচ্ছে না পরিবার। একই নৌযানে থাকা তাদের এক সহযাত্রী প্রাণে বেঁচে গ্রিসে পৌঁছেছেন। তার বর্ণনায় উঠে এসেছে সাগরে নৌকায় ছিদ্র, যাত্রীদের পানিতে পড়ে যাওয়া এবং মৃত্যুর মুখ থেকে ফিরে আসার ভয়াবহ অভিজ্ঞতা।
নিখোঁজদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের রহমত আলীর ছেলে গ্রিসপ্রবাসী হাফিজ মিয়ার মাধ্যমে গ্রিস যাওয়ার উদ্দেশে তারা লিবিয়ায় পাড়ি জমান। সেখান থেকে গত ৩১ অক্টোবর প্লাস্টিকের নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসের উদ্দেশে যাত্রা করেন ৭ যুবক।
তাদের মধ্যে রয়েছেন পুরাইকলা গ্রামের দারগ আলীর ছেলে মাসুম মিয়া, একই গ্রামের নুরুল ইসলামের ছেলে পাবেল মিয়া, ধনু মিয়ার ছেলে আতাউর মিয়া, কাউড়া গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে আলমগীর মিয়া, বাঘাসুরা গ্রামের হবির মিয়ার ছেলে নাঈম মিয়া এবং ছাতিয়াইন ইউনিয়নের ফরিদ মিয়ার ছেলে সাগর মিয়া,লাখাই উপজেলার হরিনাকোনা গ্রামের হাবিবুর রহমানের ছেলে আবুল মিয়া।
এদের মধ্যে পুরাইকলা গ্রামের মাসুম মিয়া জীবিত অবস্থায় গ্রিসে পৌঁছেছেন। পরিবারের সদস্যদের কাছে তিনি জানান, তাদের নৌকায় প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। একপর্যায়ে ভূমধ্যসাগরের মাঝপথে প্লাস্টিকের নৌকাটিতে ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করে। এরপর যাত্রীরা একে একে পানিতে পড়ে যান। দুই দিন পর তিনি অচেতন অবস্থায় সাগরের তীরে ভেসে ওঠেন। জ্ঞান ফেরার পর আশপাশে কোনো জনবসতি দেখতে পাননি। প্রায় তিন ঘণ্টা হাঁটার পর একটি বাড়ির সন্ধান পান। সেখানকার লোকজন তাকে সহযোগিতা করেন। পরে তিনি গ্রিসে পৌঁছান।
মাসুমের এমন বর্ণনার পর নিখোঁজ ছয় যুবকের পরিবারের মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক। তারা জীবিত আছেন, নাকি সাগরে ডুবে প্রাণ হারিয়েছেন—তা নিয়েই দুশ্চিন্তায় দিন কাটছে স্বজনদের।
নিখোঁজদের পরিবারের দাবি, গ্রিসে পাঠানোর কথা বলে দালালকে প্রত্যেকের কাছ থেকে ১২ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত দেওয়া হয়েছে। কিন্তু যাত্রার পর থেকে গত ১৫ দিন ধরে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। সন্তান ও স্বজনদের ভাগ্যে কী ঘটেছে, তা জানতে প্রশাসনের সহযোগিতা কামনা করছেন তাঁরা।
এ বিষয়ে অভিযুক্ত দালাল হাফিজ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না। তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।’
স্থানীয় ইউপি সদস্য নিজাম আহমেদ জানান, বাঘাসুরা গ্রামের গ্রিসপ্রবাসী হাফিজ মিয়ার মাধ্যমে ওই যুবকেরা গ্রিস যাওয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন। সাতজনের মধ্যে একজন গ্রিসে পৌঁছেছেন। বাকি ছয়জনের কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি। নিখোঁজদের পরিবারগুলো খুবই উদ্বিগ্ন।
এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D