|
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৬
সিলেট বিভাগের সীমান্তপথে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক ও মানব পাচার প্রতিরোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি ড্রোন, নাইট ভিশন ক্যামেরা, সেন্সরভিত্তিক সিসিটিভি, সার্চলাইট ও সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো হচ্ছে। দুর্গম ও বিদ্যুৎ-সংযোগবিহীন এলাকাগুলোতেও নজরদারি নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের ঝুঁকিপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির আওতায় আনা হচ্ছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
মৌলভীবাজারের পাহাড় ও বনাঞ্চলঘেরা সীমান্ত দিয়ে গত তিন সপ্তাহে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের একাধিক চেষ্টা হয়েছে। এসব চেষ্টা প্রতিহত করতে সীমান্তে সতর্কতা ও টহল বাড়িয়েছে ৫২ বিজিবি।
৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান জানান, বিজিবির তৎপরতায় গত তিন সপ্তাহে প্রায় ৭০ থেকে ৭৫ জনের অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা প্রতিহত করা হয়েছে।
তিনি বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান চালানো হচ্ছে। দুর্গম এলাকাগুলোতে ড্রোন, নাইট ভিশন ক্যামেরা, সেন্সরভিত্তিক সিসিটিভি এবং সৌরবিদ্যুতের আলো ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া সন্দেহজনক ব্যক্তির চলাচল কিংবা অনুপ্রবেশের চেষ্টা চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানানোর জন্য স্থানীয় বাসিন্দাদের অনুরোধ করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান বলেন, সীমান্ত দিয়ে অনুপ্রবেশের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। বিজিবির সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন। সীমান্ত নিরাপত্তা জোরদারে স্থানীয় মানুষের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এদিকে সুনামগঞ্জের সীমান্তের ঝুঁকিপূর্ণ পথগুলো ক্যামেরার আওতায় আনতে কাজ করছে ২৮ বিজিবি। জেলার প্রায় ৯০ কিলোমিটার সীমান্তে ৪০টির বেশি স্থান চিহ্নিত করা হয়েছে। এরই মধ্যে গত দুই দিনে সাতটি স্থানে নজরদারি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, অতীতে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবৈধ যাতায়াতের ঘটনা ঘটেছে, এমন পথগুলোকে ক্যামেরা স্থাপনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সীমান্তের এক পাশ থেকে অন্য পাশে গাড়ি ও মোটরসাইকেল নিয়ে যাতায়াতের ইতিহাস রয়েছে, এমন স্থানও চিহ্নিত করা হয়েছে। এ কার্যক্রমে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার পরামর্শ নেওয়া হচ্ছে।
তাহিরপুর উপজেলার লালঘাট, লাকমা, চারাগাঁও ও বারেকের টিলাসহ কয়েকটি এলসি পয়েন্টে ক্যামেরা স্থাপনের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। সুনামগঞ্জ-১ আসনের জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
স্থাপিত ক্যামেরাগুলো বিজিবির মনিটরিং কক্ষ থেকে পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি ব্যাটালিয়ন অধিনায়কের মুঠোফোনের সঙ্গেও ক্যামেরাগুলোর সংযোগ থাকবে। কেউ ক্যামেরা ভাঙচুর বা নষ্ট করার চেষ্টা করলে তা শনাক্ত করার প্রযুক্তিগত ব্যবস্থাও রাখা হচ্ছে। বিদ্যুৎ-সংযোগবিহীন এলাকায় সৌরবিদ্যুতের প্যানেলের মাধ্যমে ক্যামেরা সচল রাখা হবে।
তাহিরপুর সীমান্ত এলাকার বাসিন্দা মনিরুল আলম বলেন, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ক্যামেরা বসানো হলে অবৈধ সীমান্ত পারাপার নিয়ন্ত্রণ সহজ হবে। এতে চোরাকারবারিদের তৎপরতাও কমতে পারে।
একই এলাকার বাসিন্দা আনোয়ার মিয়া আশা প্রকাশ করেন, ক্যামেরা স্থাপনের ফলে সীমান্তের অপরাধ কমবে। তবে বিশ্বম্ভরপুরের বাসিন্দা হেলাল মিয়ার মতে, শুধু ক্যামেরা স্থাপন করলেই হবে না, ক্যামেরার আওতার বাইরের এলাকাগুলোতেও নজরদারি বাড়াতে হবে।
স্থানীয় বাসিন্দা মফিজ মিয়া বলেন, সুনামগঞ্জের সীমান্ত এলাকার অনেক সড়ক দুর্গম ও ভাঙাচোরা। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ক্যামেরা স্থাপন করা হলে অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সহজ হবে।
২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির বলেন, সুনামগঞ্জ সীমান্তের ৪০টির বেশি স্থান চিহ্নিত করে ক্যামেরা স্থাপনের কাজ চলছে। এরই মধ্যে সাতটি স্থানে ক্যামেরা বসানো হয়েছে। এ জন্য সরকারিভাবে অর্থায়নের ব্যবস্থাও রয়েছে। চিহ্নিত স্থানগুলোর বাইরের পথগুলো দিয়েও যাতে অপরাধ সংঘটিত হতে না পারে, সে বিষয়েও নজরদারি রাখা হবে।
অন্যদিকে হবিগঞ্জের সীমান্তেও প্রযুক্তিনির্ভর নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে ৫৫ বিজিবি। বাল্লা, দুধপাতিল, নিউ বাল্লা আইসিপি, গুইবিল ও চিমটিবিল এলাকায় দূরনিয়ন্ত্রিত ও সেন্সরভিত্তিক সিসিটিভি ক্যামেরা, সার্চলাইট এবং সৌরবিদ্যুতের আলো স্থাপন করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হবিগঞ্জ ব্যাটালিয়ন।
৫৫ বিজিবি জানায়, এসব সরঞ্জাম স্থাপনের ফলে গুরুত্বপূর্ণ এলাকাগুলো ২৪ ঘণ্টা নজরদারির আওতায় এসেছে। সীমান্তে অবৈধ যাতায়াত, মাদক, মানব পাচার ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে এ ব্যবস্থা সহায়ক হবে। এ ছাড়া জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার সীমান্তে বিজিবির নজরদারির সক্ষমতা বাড়িয়েছে। মানব পাচার, চোরাচালান ও মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে অটল থাকবে।
সীমান্ত নিরাপত্তা সংশ্লিষ্টদের মতে, প্রযুক্তিনির্ভর নজরদারির পাশাপাশি নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা এবং স্থানীয় জনগণের সহযোগিতা অব্যাহত থাকলে সীমান্তকেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D