|
প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৬
সিলেটের সোনালী ব্যাংক পিএলসি-এর কোর্ট বিল্ডিং শাখার এক গ্রাহকের হিসাব থেকে ৩৫ লাখ টাকা উধাও হওয়ার অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে ব্যাংক কর্তৃপক্ষ। এ ঘটনায় সাত দিনে ৩৯টি লেনদেনের মাধ্যমে ৩৩ লাখ ৪৪ হাজার ৭৩০ টাকা স্থানান্তরিত হয়েছে বলে জানিয়েছে ব্যাংক। একই সঙ্গে গ্রাহকের ব্যবহৃত মোবাইল ফোন, বিকাশ অ্যাকাউন্ট ও লেনদেনের ধরন নিয়ে তদন্তে পাওয়া বিভিন্ন তথ্যও তুলে ধরেছে কর্তৃপক্ষ।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধায় সিলেটের কোর্ট বিল্ডিং শাখায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সোনালী ব্যাংক পিএলসি-এর প্রিন্সিপাল অফিস, সিলেটের ডেপুটি জেনারেল ম্যানেজার হিমাংশু আচার্য্য।
লিখিত বক্তব্যে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখার গ্রাহক দিলীপ কুমার দাশ চৌধুরীর ৫৬০৮০০২০২৮০৪২ নম্বর হিসাব থেকে তাঁর অভিযোগ অনুযায়ী ৩৫ লাখ টাকা উধাও হওয়ার খবর প্রকাশিত হয়। অর্থ স্থানান্তরের বিষয়টি প্রযুক্তিগতভাবে জটিল হওয়ায় তাৎক্ষণিক অনুসন্ধান করে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হয়নি। তবে তাৎক্ষণিকভাবে প্রধান কার্যালয়ের মাধ্যমে অর্থ স্থানান্তরের সঙ্গে সংশ্লিষ্ট সুবিধাভোগী হিসাবগুলোতে স্টপ পেমেন্ট ও ডেবিট ফ্রিজ কার্যকর করা হয়।
প্রবীণ আইনজীবীর মোবাইল ফোন হ্যাক করে তাঁর ব্যাংক হিসাব থেকে ৩৩ লাখ ৪৪ হাজার ৭৩০ টাকা সরিয়ে নেওয়া হয়। ২ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত সাত দিনে মোট ৩৯টি ডিজিটাল লেনদেনের মাধ্যমে সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখার ওই হিসাব থেকে অর্থ সরিয়ে নেওয়া হয় ৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন হিসাবে। বিষয়টি শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট হিসাবগুলো ব্লক করা হয়েছে। এসব হিসাবের তথ্য পুলিশের কাছে হস্তান্তর করেছে ব্যাংক কর্তৃপক্ষ। সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজার সংবাদ সম্মেলন করে হিমাংশু আচার্য্য এসব তথ্য জানান।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সোনালী ব্যাংকের কর্মকর্তারা যেভাবে ডিজিটাল পদ্ধতিতে গ্রাহকের সঞ্চয়ী হিসাব থেকে টাকা চুরি করে প্রতারকচক্র তার বর্ণনা দেন। তারা জানান, ব্যাংকের আইটি টিমের তদন্তে জানা গেছে, প্রতারক চক্রটি প্রথমে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে আইনজীবীর বিশ্বাস অর্জন করে। গত ৩ অক্টোবর ০১৩৪৬৯৫৪৪৬৮ নম্বর থেকে শিক্ষা-সংক্রান্ত বিষয়ে তথ্য চেয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। সরল বিশ্বাসে তিনি প্রয়োজনীয় তথ্য দিলে চক্রটি তাঁর জাতীয় পরিচয়পত্র, ই-মেইল, বাবা-মায়ের নাম ও জন্মতারিখসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়।
এরপর গত ২ নভেম্বর সোনালী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ইনস্টল করার কথা বলে তাঁর সঙ্গে যোগাযোগ করে প্রতারক চক্র। ব্যাংকের কল সেন্টার থেকে পরিচয় নিশ্চিত করতে যেসব তথ্য জানতে চাওয়া হয়, প্রতারকরা সেগুলোর সঠিক উত্তর দিতে সক্ষম হয়। ফলে অ্যাপটি ইনস্টল করা হয়।
ব্যাংক কর্মকর্তাদের ভাষ্য, এর পরপরই প্রতারক চক্রটি কৌশলে তাঁর অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে কিউআর কোড ব্যবহার করে ওই ফোনের মাধ্যমেই বিভিন্ন হিসাবে টাকা স্থানান্তর করা হয়। ২ থেকে ৯ নভেম্বরের মধ্যে একাধিক লেনদেনে ৯টি ব্যাংক ও একটি সিকিউরিটিজ প্রতিষ্ঠানের হিসাবে অর্থ সরিয়ে নেওয়া হয়। এর আগে এই চক্র গত ৩ অক্টোবর তাঁর বিকাশ হিসাব হ্যাক করে ২০ হাজার টাকা নিয়ে যায়। এসময় তারা গ্রামীণফোনের মাইজিপি এ্যাপস ব্যবহার করে প্রতারক চক্র ব্যাংক থেকে তার মোবাইল নাম্বারে ক্ষুদে বার্তা আসা বন্ধ করে দেয়। ফলে এই নাম্বার থেকে টাকা উত্তোলনের বিষয়টি গ্রাহক জানতে পারেনি।
ব্যাংক জানায়, বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে একতরফাভাবে প্রকাশিত হওয়ার পর শাখা, প্রিন্সিপাল অফিস, জেনারেল ম্যানেজার (জিএম) অফিস এবং প্রধান কার্যালয়ের সমন্বিত তদন্তে বেশ কিছু উল্লেখযোগ্য তথ্য ও অগ্রগতি পাওয়া গেছে।
তদন্তের তথ্য তুলে ধরে লিখিত বক্তব্যে বলা হয়, গ্রাহক নিজেকে বাটন ফোন ব্যবহারকারী হিসেবে গণমাধ্যমে উল্লেখ করলেও ব্যাংকের দাবি, তিনি প্রকৃতপক্ষে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেন। তাঁর ঘনিষ্ঠজনেরাও বিষয়টি জানেন বলে দাবি করেছে ব্যাংক। এমনকি সংবাদ সম্মেলনের দিনও তাঁকে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে দেখা গেছে। তাঁর ব্যবহৃত ফোনে পস সুবিধাও রয়েছে বলে বক্তব্যে উল্লেখ করা হয়।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, একই সিম নম্বর ব্যবহার করে ওই গ্রাহক একটি বিকাশ অ্যাকাউন্ট পরিচালনা করেন। গত ৩ অক্টোবর ২০২৬ তারিখে অপরিচিত একটি নম্বর থেকে যোগাযোগ করে তাঁর কাছ থেকে তথ্য সংগ্রহের পর প্রতারক চক্র ওই বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে প্রায় ৩০ হাজার টাকা নিয়ে যায় বলে ব্যাংকের বক্তব্যে উল্লেখ করা হয়। এ ঘটনায় তিনি কোতোয়ালি থানায় ২৬০ নম্বর জিডি করলেও ব্যাংককে বিষয়টি অবহিত করেননি বলে দাবি করা হয়।
গ্রাহকের ব্যবহৃত স্মার্টফোন পরীক্ষা করে দুটি সিকিউরিটি ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। ব্যাংকের ভাষ্য অনুযায়ী, গ্রাহকের ১০টি আঙুল পরীক্ষা করে মাত্র একটি আঙুলের ফিঙ্গারপ্রিন্ট তাঁর নিজের বলে শনাক্ত করা হয়েছে। বাকি ফিঙ্গারপ্রিন্টগুলো কার, সে বিষয়ে গ্রাহক সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলে দাবি করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
এ ছাড়া গ্রাহকের মোবাইল ফোনে এসএমএস অপশন বন্ধ এবং ফোনে থাকা মাইজিপি অ্যাপ একাধিক ডিভাইসে লগইন করা অবস্থায় পাওয়া গেছে বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।
ব্যাংকের তদন্তে পাওয়া লেনদেনের বিবরণ তুলে ধরে বলা হয়, গত ২ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত সাত দিনে মোট ৩৯টি লেনদেনের মাধ্যমে ৩৩ লাখ ৪৪ হাজার ৭৩০ টাকা স্থানান্তর করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের প্রশ্ন, কোনো পেশাদার হ্যাকার এভাবে সাত দিন ধরে এতগুলো পৃথক লেনদেনের ঝুঁকি নিতেন কি না।
লিখিত বক্তব্যে আরও জানানো হয়, সংশ্লিষ্ট অ্যাপ ব্যবহার করে গ্রাহকের নিজের মোবাইলেও রিচার্জ করা হয়েছে। এ ছাড়া ৯টি ব্যাংকের বিভিন্ন হিসাবে, শেয়ারবাজারের একটি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্টে এবং বিভিন্ন কেনাকাটায় বাংলা কিউআর কোড ব্যবহার করেও টাকা স্থানান্তর করা হয়েছে বলে তদন্তে পাওয়া তথ্যের উল্লেখ করে ব্যাংক কর্তৃপক্ষ।
ব্যাংকের দাবি, লেনদেনগুলোর প্রায় সবই মধ্যরাতে, সাধারণত মানুষের ঘুমানোর সময়ে সংঘটিত হয়েছে। এ প্রসঙ্গে লিখিত বক্তব্যে প্রশ্ন তোলা হয়, একজন পেশাদার হ্যাকার কি কেবল মধ্যরাতেই এ ধরনের লেনদেন পরিচালনা করবেন?
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, বিষয়টি নিয়ে শাখা, প্রিন্সিপাল অফিস, জিএম অফিস ও প্রধান কার্যালয়ের পর্যায়ে তদন্ত করা হয়েছে। তদন্তে পাওয়া তথ্য ও অগ্রগতির বিষয়গুলো জনসাধারণের অবগতির জন্য সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়েছে।
এদিকে, গত ৯ নভেম্বর ২০ হাজার টাকার একটি চেক দিয়ে এক ব্যক্তিকে ব্যাংক থেকে টাকা তুলতে পাঠান ড. দিলীপ কুমার। কিন্তু ব্যাংক থেকে জানানো হয়, তাঁর হিসাবে কোনো টাকা নেই। পরে ব্যাংকে গিয়ে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, গত ২ থেকে ৯ নভেম্বরের মধ্যে ই-ওয়ালেট ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবহার করে প্রায় ৪০ দফায় তাঁর হিসাব থেকে ৩৩ লাখ ৪৪ হাজার ৭৩০ টাকা সরিয়ে নেওয়া হয়েছে।
ভুক্তভোগী দিলীপ কুমার জানান, তিনি কখনো কোনো ডিজিটাল ব্যাংকিং অ্যাপ বা ই-ওয়ালেট ব্যবহার করেননি। আজীবন শুধু চেকের মাধ্যমেই ব্যাংকিং লেনদেন করেছেন। এমনকি তাঁর হিসাব থেকে টাকা স্থানান্তরের বিষয়ে মোবাইল ফোনে কোনো এসএমএস বা বার্তাও পাননি।
এ ঘটনায় তিনি সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) এবং সিলেট কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ব্যাংক কর্মকর্তারা জানান, অর্থ যেসব হিসাবে স্থানান্তর করা হয়েছে, সেগুলো ভুয়া কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট হিসাবগুলো ইতোমধ্যে ব্লক করা হয়েছে এবং সেগুলোর বিস্তারিত তথ্য পুলিশের কাছে দেওয়া হয়েছে।
যে যে একাউন্টে উক্ত অর্থ স্থানান্তরিত হয়েছে, Islami Bank Bank PLC A/C: 2050 7 7 7 0 2357 876, ETBL Securities & Ex. Limited. A/C: 2001260004383, City Bank PLC A/C: 2225057280001 ও A/C: 2304643216001, Pubali Bank PLC, A/C: 6484101076226. Prime Bank PLC A/C: 2121211016951, A/C: 2901226023337, A/C: 2901222022614, A/C: 2901226022198, A/C: 2901221024561, NRBC Bank PLC, A/C: 519631100007551, NRB Bank PLC A/C: 126101000 2824, NCCB PLC A/C: 00150310042435.

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D