সিলেটে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৬

সিলেটে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন

সিলেট নগরীর শাহজালাল উপশহরে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে তিনটার দিকে দুর্বৃত্তরা কার্যালয়ের উত্তর ও পূর্ব পাশে আগুন দেয়। এতে কার্যালয়ের কিছু গুরুত্বপূর্ণ নথি ও গ্যারেজে রাখা একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

গ্রামীণ ব্যাংকের সিলেট আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক মো. আবুল হোসেন জানান, শাহজালাল উপশহরের এইচ ব্লকের ১ নম্বর সড়কের ২৩২/১ নম্বর বাড়িতে তাঁদের কার্যালয়। রাত পৌনে তিনটার দিকে দুর্বৃত্তরা পলিথিনের প্যাকেটে তরল জ্বালানি নিয়ে এসে প্রথমে ভবনের উত্তর পাশে এবং পরে পূর্ব পাশে আগুন দেয়। একপর্যায়ে গ্যারেজে রাখা তাঁর গাড়িতেও আগুন দেওয়া হয়।

আবুল হোসেন বলেন, ব্যাংকের এক কর্মচারী আগুন দেখতে পেয়ে অন্যদের খবর দেন। পরে ফায়ার সার্ভিস ও শাহপরান থানায় খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও বলেন, আগুনে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। এ ছাড়া তাঁর গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন তিনি।

এ ঘটনায় আবুল হোসেন বাদী হয়ে শাহপরান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমদ বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে পুলিশ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট