আসামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ২৩ জন নিহত

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৬

আসামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ২৩ জন নিহত

ভারতের আসাম রাজ্যে যাত্রীবাহী মিনিবাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। নিহতদের অধিকাংশই শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজ্যের কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর দুমড়েমুচড়ে যাওয়া বাসের ভেতর থেকে মরদেহ উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, মিনিবাসটি গোলাঘাট থেকে নগাঁওয়ের দিকে যাচ্ছিল। অন্যদিকে কনটেইনার ট্রাকটি উজানি আসামের দিকে যাচ্ছিল। পথে কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিনিবাসটি দুমড়েমুচড়ে যায়। বাসের যাত্রীদের মধ্যে অনেকেই কলেজের শিক্ষার্থী ছিলেন। ক্লাস শেষে তারা বাড়ি ফিরছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের এক কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে দুজন নারী রয়েছেন। তবে এখনো তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার সময় মিনিবাসে মোট কতজন যাত্রী ছিলেন, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।

গোলাঘাট জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকর্মীরা এখনো বাসের ধ্বংসাবশেষ থেকে মরদেহ উদ্ধার করছেন। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। গোলাঘাট জেলার এক নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের বলেন, ‘নিহতের সংখ্যা খুব দ্রুত বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, চিকিৎসকরা দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।’

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। বাসটির ভেতরে বেশ কয়েকজন যাত্রী আটকা পড়েছিলেন। আহতদের প্রথমে কোহোরা মডেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম তদারকি করছেন তারা। আসামের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী এবং স্থানীয় বিধায়ক অতুল বোরাও ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও সহায়তা কার্যক্রম তদারকি করেন।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মিনিবাসটি অতিরিক্ত গতিতে চলছিল। কাজিরাঙা জাতীয় উদ্যানের আশপাশে যানবাহনের চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধও অমান্য করে থাকতে পারে বাসটি। এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, চালক নিয়ন্ত্রণ হারানোর পর ট্রাকটির সঙ্গে বাসটির সংঘর্ষ হয়ে থাকতে পারে।

ওই কর্মকর্তা বলেন, ‘জাতীয় উদ্যানের কাছে বিধিনিষেধ লঙ্ঘন করে বাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। আমাদের ধারণা, মিনিবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।’

গোলাঘাট জেলা প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত করা হবে। দুই যানবাহনের কোনোটি ট্রাফিক আইন লঙ্ঘন করেছিল কি না, তা-ও খতিয়ে দেখা হবে। বিশেষ করে জাতীয় উদ্যানের আশপাশে গতিসীমা এবং যানবাহনের যাত্রী ধারণক্ষমতা-সংক্রান্ত বিধিনিষেধ মানা হয়েছিল কি না, তা তদন্তের আওতায় থাকবে।

জেলার অতিরিক্ত জেলা কমিশনার জিন্টু বোরাহ জানান, নিহতদের মরদেহের ময়নাতদন্ত রাতে গোলাঘাটের শহীদ কুশল কোঁওর সিভিল হাসপাতালে সম্পন্ন করা হবে। এ জন্য হাসপাতালে বিশেষ আলোর ব্যবস্থা করা হচ্ছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট