হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী আজ

প্রকাশিত: ৮:৩২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৬

হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী আজ

নন্দিত কথাশিল্পী ও নির্মাতা হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী আজ।

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কুতুবপুরে জন্মেছিলেন হুমায়ূন আহমেদ। বাবা ফয়জুর রহমান আহমেদ ছিলেন পুলিশ কর্মকর্তা। তিনি মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে শহিদ হন। হুমায়ূনের মায়ের নাম আয়েশা ফয়েজ। তার দুই ভাই মুহম্মদ জাফর ইকবাল ও আহসান হাবীব।

শিল্প-সাহিত্যের বেশিরভাগ শাখায় কীর্তি রেখে যাওয়া হুমায়ূন আহমেদ ১৯৭২ সালে প্রকাশিত তার প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’র মাধ্যমে পান ব্যাপক পরিচিতি। এরপর লিখেছেন তিন শতাধিক গ্রন্থ। যার প্রায় সবই সাড়া ফেলেছে দেশ-বিদেশের পাঠকমহলে।

হুমায়ূন আহমেদ একদিকে সাহিত্য দিয়ে মন্ত্রমুগ্ধ করেছেন পাঠককে, অন্যদিকে নির্মাণ করেছেন অনন্য সব নাটক, চলচ্চিত্র ও গান। তার হাত ধরেই তারকার সম্মান পেয়েছেন এ দেশের অনেক শিল্পী। তার সৃষ্টিতে উঠে এসেছে নৈসর্গিক দৃশ্য, জোছনা, বৃষ্টিসহ বাংলার চিরচেনা প্রকৃতির ব্যঞ্জনা।

টেলিভিশনের জন্য একের পর এক দর্শকনন্দিত নাটক রচনা ও পরিচালনার পাশাপাশি হুমায়ূন আহমেদ ১৯৯০-এর গোড়ার দিকে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন। তার পরিচালনায় প্রথম চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’ মুক্তি পায় ১৯৯৪ সালে। ২০০০ সালে ‘শ্রাবণ মেঘের দিন’ ও ২০০১ সালে ‘দুই দুয়ারী’ দর্শকদের দারুণ গ্রহণযোগ্যতা পায়। ২০০৩-এ নির্মাণ করেন ‘চন্দ্রকথা’।

ইতিহাসনির্ভর উপন্যাসেও হুমায়ূন আহমেদ দেখিয়েছেন তার সৃষ্টিশীলতা। ‘মধ্যাহ্ন’ ও ‘জোছনা ও জননীর গল্প’ এ ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য। ‘মধ্যাহ্ন’ উপন্যাসের পটভূমি ১৯০৫ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত বিস্তৃত। ‘জোছনা ও জননীর গল্প’ বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তার অন্যতম গুরুত্বপূর্ণ সৃষ্টি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, পাকিস্তানি বাহিনীর গণহত্যা, সাধারণ মানুষের দুর্ভোগ, ভয়, সাহস, প্রতিরোধ ও স্বাধীনতার আকাঙ্ক্ষা এ উপন্যাসের মূল বিষয়। আরেকটি উল্লেখযোগ্য উপন্যাস হলো ‘বাদশাহ নামদার’। মুঘল সম্রাট বাদশাহ হুমায়ুনের জীবনভিত্তিক এই উপন্যাস।

১৯৭১-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে ২০০৪ সালে হুমায়ূন আহমেদ নির্মাণ করেন ‘শ্যামল ছায়া’। এটি ২০০৬ সালে অস্কারের সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশ থেকে অংশ নিয়েছিল। এছাড়া এটি প্রদর্শিত হয় কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ২০০৮-এ ‘আমার আছে জল’ পরিচালনা করেন তিনি। তার সব চলচ্চিত্রের বেশিরভাগ গান রচনা করেছেন তিনি নিজেই।

২০১২ সালে মুক্তি পায় তার পরিচালিত শেষ ছবি ‘ঘেটুপুত্র কমলা’।

কাজের স্বীকৃতিস্বরূপ একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ দেশে-বিদেশে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন হুমায়ূন আহমেদ।

২০১২ সালের ১৯ জুলাই হিমু কিংবা মিসির আলির এই স্রষ্টা না ফেরার দেশে পাড়ি জমান।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট