|
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৬
মালয়েশিয়ায় সকালে ঘুম থেকে উঠে কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজন বিশ্বাস (২৬) নামের এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। মাত্র ২৬ দিন আগে দেশে তার একটি পুত্রসন্তানের জন্ম হয়। শিশুটি বাবার আদর ও স্পর্শ পাওয়ার আগেই না ফেরার দেশে চলে গেলেন এই প্রবাসী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে মালয়েশিয়ার স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজন বিশ্বাস সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ভূষণ রাম বিশ্বাসের ছেলে। জীবিকা ও ভাগ্য পরিবর্তনের আশায় ২০১৮ সালে তিনি মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন। তিনি ছিলেন দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে।
রাজনের সহকর্মীদের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার সকালে নিজ বাসা থেকে মোটরসাইকেলে করে কাজের উদ্দেশ্যে রওনা দেন রাজন। পথিমধ্যে মালয়েশিয়ার বান্টিং এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি চলন্ত লরির পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত বান্টিং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে পুলিশের পক্ষ থেকে তদন্ত ও ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত করা যাবে বলে জানানো হয়েছে।
পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন রাজনের স্ত্রী ও স্বজনরা। মাত্র ২৬ দিন বয়সী নবজাতক সন্তানকে নিয়ে এখন অথই সাগরে পড়েছেন তার স্ত্রী।
এদিকে সব আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে রাজন বিশ্বাসের মরদেহ যেন দ্রুত দেশে নিজ বাড়িতে পাঠানো সম্ভব হয়, সেজন্য কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছে শোকাহত পরিবার। ইতোমধ্যে রাজনের মৃত্যুর খবর এবং মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ হাইকমিশনের লেবার মিনিস্টার মো. সিদ্দিকুর রহমানকে বিষয়টি জানানো হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D