১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৭
সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার মহিলা কলেজে রড ছাড়াই ভবন নির্মাণের অভিযোগে আটক নির্মাণ সংশ্লিষ্ট তিনজনকে বিশেষ ক্ষমতা আইনের ৫৪ ধারায় রোববার কোর্টে চালান দেয়া হয়েছে। শুনানীশেষে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ নজরুল ইসলাম তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
তারা হচ্ছে-ঠিকাদারি প্রতিষ্ঠান শাহ আলম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এবং মাধবপুরের কালিকাপুর গ্রামের কাজী শাহ আলম(৫২), তার সহযোগী সিলেট নগরীর চৌকিদেখীর মো: লোকমান হোসেন(৩৯) এবং দক্ষিণ সুরমার সদরখলার আব্দুল কাইয়ুম (৪৩)।
আদালতের জেনারেল রেজিস্ট্রেশন অফিসার(জিআরও) শাহ দীল তাদেরকে জেল হাজতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়া শনিবার ওই কলেজে রড ছাড়াই ভবন নির্মাণের বিষয়টি প্রত্যক্ষ করেন। সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন কলেজের কাজ শনিবার সরেজমিন পরিদর্শনে গিয়ে সাংসদ নতুন ভবনের একাংশ (পিলার) ভেঙে দেখতে পান, অনেকটা রড ছাড়াই নির্মাণ হচ্ছে বহুতল ভবন। এ সময় তিনি নির্মাণ সংশ্লিষ্ট ৩ জনকে হাতেনাতে আটক করে পুলিশে তুলে দেন।
এ সময় একজন ঠিকাদারসহ অন্যরা পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় সৃষ্টি হয় তোলপাড়। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলে সিলেটের সকালকে জানিয়েছেন এমপি এহিয়া।
কলেজ অধ্যক্ষ আবদুল মুকিত আজাদ জানান, সম্প্রতি ভবন নির্মাণে নানা অনিয়মের অভিযোগ উঠে। এখন তো হাতেনাতে প্রমাণ মিলেছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেটের উপপরিচালকের বরাবর লিখিত অভিযোগ করা হবে বলে জানান অধ্যক্ষ।
ওসমানীনগর থানার ওসি সহিদ উল্যা বলেন, এমপি তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। তাদেরকে রোববার ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে রোববার সন্ধ্যায় জানান ওসি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D