|
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৬
সিলেট নগরীর খাদিমনগরে একটি জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, গোলাবারুদ ও পুলিশের লুণ্ঠিত একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়নের পীরেরগাঁও এলাকার একটি জঙ্গল থেকে এসব আলামত উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে তৈরি একটি ওয়ান শুটার পাইপগান, চারটি পাওয়ার জেল, চারটি নন-ইলেকট্রিক ডেটোনেটর, একটি সেফটি ফিউজ, চারটি শর্টগানের কার্তুজ এবং একটি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড।
রোববার বিকেলে এসআরবি-৯, সদর কোম্পানি, সিলেটের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এয়ারপোর্ট থানাধীন বাইপাস এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পীরেরগাঁও এলাকার একটি জঙ্গলে কয়েকজনের অবস্থানের খবর পান এসআরবির সদস্যরা। মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে তাঁদের সেখানে অবস্থানের তথ্য পাওয়া যায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পরে রাত ১২টা ৫০ মিনিটের দিকে এসআরবির একটি দল ঘটনাস্থলে পৌঁছে আশপাশের এলাকায় তল্লাশি চালায়। একপর্যায়ে জঙ্গলে পড়ে থাকা একটি পলিথিনের ব্যাগের ভেতর থেকে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও গোলাবারুদগুলো উদ্ধার করা হয়।
তবে উদ্ধার হওয়া আলামতের সঙ্গে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা যায়নি। উদ্ধার করা ওয়ান শুটার পাইপগানটি যুক্তরাষ্ট্রে তৈরি বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করে এসআরবি-৯ -এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধার হওয়া আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এসআরবি-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D